গত ১৫ মার্চ কারিতাস বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয়ে উদযাপন করা হয় ত্যাগ ও সেবা অভিযান-২০২৬ ও কারিতাস রবিবার। এ বছরের প্রতিপাদ্য ছিল ‘প্রার্থনা, শ্রবণ ও উপবাস: আত্মরূপান্তরের পবিত্র আহ্বান।’ অনুষ্ঠানে কারিতাস বাংলাদেশের নির্বাহী পরিচালক দাউদ জীবন দাশ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ ও সিবিসিবি’র প্রেসিডেন্ট শ্রদ্ধেয় বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই। অনুষ্ঠানে চার ধর্মের প্রাজ্ঞ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকাস্থ ভাটিকান দূতাবাসের লোকাল কোলাবরেটর এন্ড হলি স্পিরিট ইনস্টিটিউট অব থিওলজি, বনানীর প্রফেসর ড. রেভা. ফাদার শিপন পিটার রিবেরু, রামকৃষ্ণ মিশনের ট্রেজারার মহারাজ স্বামী কল্পেশানন্দন, বাসাবো বৌদ্ধ বিহারের শ্রদ্ধেয় ভান্তে কল্যাণ জ্যোতি মহাথের, কারিতাস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রামের পরিচালক মো. কামাল উদ্দিন। এছাড়া কারিতাস বাংলাদেশ এর পরিচালক (কর্মসূচি) অপূর্ব ম্রং, পরিচালক (অর্থ ও প্রশাসন) রিমি সুবাস দাশ, কারিতাস ডেভেলপমেন্ট ইনস্টিটিউট এর পরিচালক মি. থিওফিল নকরেক’সহ কারিতাস বাংলাদেশ এর কেন্দ্রীয় কার্যালয় ও সিডিআই’র কর্মকর্তা-কর্মীগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রধান অতিথি মহামান্য আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই বলেন, ‘বিনম্র চিত্তে এবং আন্তরিকতাপূর্ণ প্রার্থনার মধ্য দিয়ে ঈশ্বরকে জয় করা সম্ভব। প্রার্থনার মধ্য দিয়ে আমরা ঈশ্বরের সান্নিধ্য লাভ করি। তাঁর আশীর্বাদে আমাদের জীবন সুন্দর ও পূর্ণ হয়।” কারিতাসের নির্বাহী পরিচালক মি. দাউদ জীবন দাশ উপস্থিত সকলকে কারিতাস দিবসের শুভেচ্ছা জানান। তিনি বলেন, “কারিতাসের অনন্য একটি প্রকল্প ত্যাগ ও সেবা অভিযান। এই প্রকল্পের মধ্য দিয়ে আমরা দয়া, ভালোবাসা, ত্যাগ ও সেবা সহভাগিতা করি এবং প্রকৃত সেবাকর্মী হয়ে উঠি।” বিভিন্ন ধর্মের ধর্মীয় বক্তাগণ মূলসুরের উপর ধর্মীয় নীতি ও শিক্ষার আলোকে তাৎপর্যপূর্ণ সহভাগিতা করেন। তারা সকলেই ত্যাগ ও সেবা অভিযানের মধ্য দিয়ে প্রান্তিক মানুষের পাশে থাকার আহ্বান জানান। একই দিনে কারিতাস বাংলাদেশ এর সকল অঞ্চল ও কর্মএলাকায় অত্যন্ত গুরুত্বসহকারে দিনটি উদ্যাপন করা হয়। এই সময় সারা দেশে ১৯৯ জন কর্মীকে কারিতাস বাংলাদেশে ১০ বছর, ১৫ বছর, ২০ বছর ও ২৫ বছর সেবাকাজের স্বীকৃতিস্বরূপ Long Service Award অধিৎফ প্রদান করা হয়। তন্মধ্যে কারিতাস কেন্দ্রীয় অফিসের ১৪ জন কর্মীকে Long Service Award প্রদান করা হয়।
উল্লেখিত অনুষ্ঠানে কারিতাসে সেবাকর্মের প্রশান্তি ও অভিজ্ঞতা সহভাগিতা করেন মহিউদ্দিন আকন্দ, তপতি দাস গুপ্তা, লিও জন গনছালভেস এবং এ্যাঞ্জেলিনা ডায়না পোদ্দার। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন চয়ন হিউবার্ট রিবেরু ও শিবা মেরী ডি’ রোজারিও। মহামান্য আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই কর্তৃক পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করার মধ্য দিয়ে দিনের কর্মসূচি সমাপ্ত হয়।
উল্লেখ্য, প্রতিবছর প্রায়শ্চিত্তকালের চতুর্থ রবিবার যথাযোগ্য মর্যাদায় কারিতাস কেন্দ্রীয় অফিসসহ সকল আঞ্চলিক, প্রকল্প, ট্রাস্ট ও উপজেলা অফিসে ‘কারিতাস রবিবার’ পালন করা হয় এবং একই সাথে প্রতিটি ধর্মপল্লীতে মূলসুরের উপর প্রস্তুতকৃত উপদেশ উপস্থাপনায় খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়।
সংবাদ দাতা: কারিতাস ইনফরমেশন ডেস্ক
