প্রথম খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণ সংস্কারপ্রার্থী প্রস্তুতকারী ধর্মশিক্ষকদের কর্মশালা

গত ২৯-৩১ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দে ঢাকা মহাধর্মপ্রদেশীয় পালকীয় কেন্দ্র, রমনাতে তিন দিনব্যাপী ঢাকা মহাধর্মপ্রদেশীয় ধর্মশিক্ষা ও বাইবেল কমিশনের আয়োজনে প্রথম খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণ সংস্কারপ্রার্থী প্রস্তুতকারী ধর্মশিক্ষকদের নিয়ে কর্মশালা আয়োজন করা হয়। এতে মোট ১১০ জন ধর্মশিক্ষক অংশগ্রহণ করেন।
২৯ অক্টোবর, বৃহস্পতিবার বিকেলে ঢাকা মহাধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী, গঠনগৃহ, স্কুল ও প্রতিষ্ঠান থেকে অংশগ্রহণকারীগণ আর্চবিশপ হাউসে অবস্থান করেন। সান্ধ্য প্রার্থনার মধ্য দিয়ে এই কর্মশালা শুরু হয়। প্রারম্ভে ঢাকা মহাধর্মপ্রদেশীয় ধর্মশিক্ষা ও বাইবেল কমিশনের আহ্বায়ক ফাদার শিপন পিটার রিবেরু স্বাগতম বক্তব্যে সকলকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানান, এবং কর্মশালার লক্ষ্য, তাৎপর্য, দিকনির্দেশনা প্রদান করেন। শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন ডি’ ক্রুজ ওএমআই শুভেচ্ছা বক্তব্যে বলেন, আমরা যেন ধর্মশিক্ষক হিসাবে ভাল প্রস্তুতি গ্রহণ করি, শিশুদের সঠিক ধর্মশিক্ষা প্রদান করি। দুর্বোধ্য বিষয়গুলো শিশুরা যেন বুঝতে পারে সেদিকে লক্ষ্য রাখি। এরপর ঢাকা মহাধর্মপ্রদেশের পালকীয় কেন্দ্রের পরিচালক ফাদার মিল্টন ডেনিস কোড়াইয়া সকলকে স্বাগতম ও শুভেচ্ছা জ্ঞাপন করেন। রাতের খাবারের পর ফাদার প্যাট্রিক শিমন গমেজ পবিত্র বাইবেল পরিচিতি উপর উপস্থাপনা রাখেন।
কর্মশালার ২য় দিন সকালে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার প্রশান্ত টি. রিবেরু। তিনি তার উপদেশে বলেন, ধর্মশিক্ষক হিসেবে আমরা শিশুদের মৌলিক বিষয়গুলো সুন্দরভাবে বুঝাতে চেষ্টা করতে হয়। এরপর যথাক্রমে দ্বিতীয় অধিবেশনে ও তৃতীয় অধিবেশনে ফাদার শিপন পিটার রিবেরু কাথলিক মণ্ডলীর মৌলিক বিশ্বাস ও খ্রিস্টমণ্ডলীর বিশ্বাসমন্ত্রের উপর আলোকপাত করেন। চতুর্থ অধিবেশনে ফাদার ডমিনিক রোজারিও খ্রিস্টমণ্ডলীর জীবনকেন্দ্রিক শিক্ষা- একইসাথে ঈশ্বরের দশ আজ্ঞা ও মণ্ডলীর পাঁচ আজ্ঞার বিষয়ে উপস্থাপনা রাখেন। পরবর্তীতে ফাদার পিটার শ্যানেল গমেজ পবিত্র উপাসনা ও সংস্কারসমূহের উপর বক্তব্য রাখেন।
বিকালে অংশগ্রহণকারীগণ ৬টি দলে বিভক্ত হয়ে অধিবেশনগুলোর উপর দলীয় আলোচনা এবং মূল্যায়ন করেন। এরপর যথারীতি সন্ধ্যা প্রার্থনা ও নৈশ ভোজের পর মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাইবেলভিত্তিক, সচেতনতামূলক বিভিন্ন বিষয়ের উপর ৬টি দল অভিনয় করেন।
৩১ অক্টোবর সকালের প্রার্থনা ও নাস্তার পর ষষ্ঠ অধিবেশনে ‘সিনোডাল মণ্ডলী গঠনে ধর্মশিক্ষকের ভূমিকা’ এর উপর উপস্থাপনা রাখেন আর্চবিশপ বিজয় এনডি’ ক্রুজ ওএমআই। তিনি পোপের সাথে একাত্ম হয়ে, বিশপগণের নেতৃত্বে বিশ্বাসী সমাজ একসাথে পথ চলা ও দায়িত্ব সহভাগিতায় সিনডাল মণ্ডলী হয়ে উঠার আহ্বান জানান এবং শিশুদের সিনোডাল মণ্ডলী বিষয়ে শিক্ষা দিতে বলেন। এরপর ৬টি দলের দলীয় আলোচনার প্রতিবেদন পেশ করা হয় এবং বিভিন্ন প্রশ্ন তুলে ধরা হয়। ফাদার শিপন পিটার রিবেরু বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করেন এবং প্রথম খ্রিস্টপ্রসাদ ও হস্তার্পণ সিলেবাসের উপর আলোচনা করেন। দুপুর ১২টায় পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ সুব্রত বনিফাস গমেজ। তিনি বলেন, শিশুদের সামনে আমরা যেন আদর্শ দেখায় ও বিশ্বাসের জীবনের দিকে ধাবিত হই।
পরিশেষে, ফাদার শিপন পিটার রিবেরু সকলকে সক্রিয় অংশগ্রহণের জন্য কমিশনের সদস্যদের ধন্যবাদ জ্ঞাপন করেন। শেষে দুপুরের আহারের মধ্য দিয়ে কর্মশালার সমাপ্তি হয়।

সংবাদ দাতা: ফাদার সনি রোজারিও

Leave a Reply