সন্ন্যাসব্রতধারী ও ব্রতধারিনীদের মিলনমেলা-২০২৬ খ্রিস্টাব্দ

গত ৬ আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দে সন্ধ্যা থেকে ৮ আগস্ট দুপুর পর্যন্ত সাভারের বিসিআর সেন্টারে সাময়িক সন্ন্যাসব্রতধারী ও ব্রতধারিনীদের জন্য একটি বিশেষ গঠনমূলক প্রোগ্রামের আয়োজন করা হয়। “খ্রিস্টেতে শক্তিশালী ও আশায় নবীকৃত হই”-এই মূলভাবের উপর ভিত্তি করে ইনিশিয়াল ফরমেশন সাব-কমিটির উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ধর্মসংঘের ৬১ জন সিস্টার, ব্রাদার ও সেমিনারিয়ান অংশগ্রহণ করেন।

সন্ধ্যায় পবিত্র খ্রিস্টযাগের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। ফাদার পিন্টু কস্তা ওএমআই খ্রিস্টযাগ উৎসর্গ করেন। পরে পরিচিতি ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করার মাধ্যমে অংশগ্রহণকারীরা পরস্পরের সঙ্গে পরিচিত হন।

অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল আধ্যাত্মিক নবায়ন, পারস্পরিক পরিচিতি ও ভ্রাতৃত্ববোধ বৃদ্ধি এবং খ্রিস্টের মঙ্গলসমাচার প্রচারে একে অপরের পাশে থাকার চেতনা গড়ে তোলা। সিস্টার মারিসা পিমে, ফাদার প্রণয় আন্তনি গমেজ সিএসসি এবং ব্রাদার তপন লরেন্স ছেরাও সিএসসি বিভিন্ন বিষয়ের ওপর সহভাগিতা করেন। সহভাগিতার মাধ্যমে অংশগ্রহণকারীরা নিজেদের আহ্বান-জীবনের সৌন্দর্যকে নতুনভাবে আবিষ্কার, দৈনন্দিন চ্যালেঞ্জ মোকাবিলা ও আত্মযত্ন সম্পর্কে সচেতন হওয়ার অনুপ্রেরণা লাভ করেন। এছাড়া দলীয় আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মূল্যায়ন পর্বও ছিল বিশেষ উল্লেখযোগ্য।

৮ আগস্ট ফাদার বিশ্বজিৎ বর্মন সমাপনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন। পরিশেষে, আহ্বায়ক ব্রাদার তপন লরেন্স ছেরাও সিএসসি’র সমাপনী বক্তব্য ও দুপুরের আহারের মধ্য দিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠানটির সমাপ্তি ঘটে।

সংবাদ দাতা:ব্রাদার এলভিস জিনিয়াস গমেজ সিএসসি

Leave a Reply