আনন্দঘন পরিবেশে উদ্বোধন করা হলো রেভা. ফাদার চার্লস জে. ইয়াং ভবন

৩ মে, ২০২৬ খ্রিস্টাব্দে ঢাকার ফার্মগেট এলাকার আনন্দঘন পরিবেশ ও বিপুল উদ্দীপনা নিয়ে উদ্বোধন করা হলো ঢাকা ক্রেডিটের নতুন কর্পোরেট অফিস: রেভা. ফাদার চার্লস জে. ইয়াং ভবন। ২৬ পূর্ব তেজতুরীবাজারে দৃষ্টিনন্দন এই ভবন উদ্বোধন করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব আহমেদ আযম খান এমপি ও ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ। সাথে উপস্থিত ছিলেন গেস্ট অব অনার ঢাকা মহাধর্মপ্রদেশের অবসরপ্রাপ্ত আর্চবিশপ কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি এবং সমবায় অধিদপ্তরের মহাপরিচালক ও নিবন্ধক মো: সেলিম ফকির এনডিসি। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিভাগীয় সমবায় কার্যালয়ের যুগ্ম-নিবন্ধক জনাব মো: কামরুজ্জামান, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের প্রেসিডেন্ট ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট নির্মল রোজারিও, দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লি: (কালব)-এর চেয়ারম্যান আগষ্টিন পিউরীফিকেশন, ওয়ার্ল্ড ওয়াইএমসিএএস’র এক্সিকিউটিভ মেম্বার ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ, ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের সেক্রেটারি জেনারেল ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া’সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য, উপদেষ্টা এবং সদস্যবৃন্দরা। উদ্বোধনী অনুষ্ঠান সঞ্চালনা করেন সমিতির সেক্রেটারি মঞ্জু মারীয়া পালমা। অনুষ্ঠানে প্রধান অতিথি আযম খান এমপি বলেন, ‘আজ এই সমিতির চমৎকার ভবনের উদ্বোধনী অনুষ্ঠান দেখে আমি অনেক আনন্দিত ও মুগ্ধ হয়েছি। আমি আপনাদের সাথে সব সময় রয়েছি, সব সময় থাকবো। সবাইকে এই দিনে শুভেচ্ছা ও অভিনন্দন।’ অতঃপর মাইকেল জন গমেজ বলেন, ‘আজ আমাদের জন্য একটি বিশেষ দিন। ৩ মে, ঢাকা ক্রেডিটের প্রতিষ্ঠাতা ও বাংলাদেশে ক্রেডিট ইউনিয়নের জনক ফাদার চার্লস জে. ইয়াং-এর ১২২তম জন্মবার্ষিকীতে ঢাকা ক্রেডিটের নতুন কর্পোরেট ভবন: রেভা. ফাদার চার্লস জে. ইয়াং ভবন উদ্বোধন করা হলো।’ মো: সেলিম ফকির এনডিসি বলেন, ‘রেভা. ফাদার চার্লস জে. ইয়াং ভবনের উদ্বোধন অনুষ্ঠানে থাকতে পেরে আমি আনন্দিত। ১ লক্ষ ৭৫ হাজার সমবায় সমিতি রয়েছে, তার মধ্যে আপনারা একটি। এর মধ্যে ১ কোটি ২৮ লক্ষ সমবায় সমিতির সদস্য রয়েছে। এত বিপুল পরিমাণ সদস্যরা আত্মকর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে একটি দেশের উন্নয়নের চিত্র বদলে দেওয়া সম্ভব।’ এছাড়াও অন্যান্য অতিথিবৃন্দ ঢাকা ক্রেডিটের কার্যক্রমের প্রশংসা এবং নতুন কর্পোরেট ভবন পরিদর্শন করে আনন্দ প্রকাশ করেন। এরপর প্রেসিডেন্ট, প্রধান অতিথি, গেস্ট অব অনার এবং অতিথিবৃন্দগণ বেলুন ও পায়রা উড়িয়ে এবং ফিতা কেটে কর্পোরেট অফিসের উদ্বোধন ঘোষণা করেন। এ সময় কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও এবং ফাদার জেমস ক্রুশ পবিত্র জল সিঞ্চনের মাধ্যমে ভবনটি পবিত্রকরণ করেন। এছাড়াও ভবনটির উদ্বোধন উপলক্ষে বিশেষ স্মরণিকার মোড়ক উন্মোচন, ফাদার ইয়াং-এর জন্মবার্ষিকী উপলক্ষে কেক কেটে আনন্দ উদ্যাপন করা হয়। অতঃপর ঢাকা ক্রেডিটের নারী বিষয়ক উপ-কমিটি, ঢাকা ক্রেডিট কর্মী ও ডিসি কালচারাল একাডেমির সমন্বয়ে সাংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠান শেষে সমিতির ভাইস-প্রেসিডেন্ট শিপন রোজারিও সবাইকে ধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

সংবাদ দাতা: ডিসিনিউজ বিডি

Leave a Reply