তিনশ’ বছর প্রাচীন ঐতিহাসিক নারিন্দা সিমেট্রি সংরক্ষণে দ্বিতীয় ধাপের সংস্কার কার্যক্রম শুরু

গত ২৯ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে “কলম্বো সাহেব” এর সমাধি পাশেই শুরু হলো তিনশ’ বছরের প্রাচীন ঐতিহাসিক নারিন্দা সিমেট্রি সংরক্ষণে দ্বিতীয় ধাপের সংস্কার কার্যক্রম। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম এবং সভাপতি হিসেবে ছিলেন ঢাকা খ্রিষ্টিয়ান সেমিটারী বোর্ডের চেয়ারম্যান ও ঢাকা ক্যাথলিক মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ফাদার উজ্জ্বল লিনুস রোজারিও সিএসসি।

অনুষ্ঠানে প্রধান অতিথি আবদুস সালাম কবরস্থানের উন্নয়ন ও রক্ষণাবেক্ষণে দক্ষিণ সিটি কর্পোরেশনের পক্ষ থেকে তাৎক্ষণিক নগদ ৫ লাখ টাকা বরাদ্দ দেন। তিনি বলেন, সিমেট্রিকে শুধু একটি ধর্মীয় সম্প্রদায়ের কবরস্থান হিসেবে দেখলে এর ঐতিহাসিক গুরুত্বকে ছোট করা হয়। তিন শতাব্দীর বেশি সময় ধরে ঢাকার যে নগর ইতিহাস এখানে জমা হয়েছে, তার দৃশ্যমান দলিল হিসেবে এই সিমেট্রির কবর, সমাধিফলক ও স্থাপনাগুলোর গুরুত্ব রয়েছে। এরপর তিনি সংস্কার বিষয়ক সকল কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করার অশ্বাস দেন।
উক্ত অনুষ্ঠানে আর্চবিশপ জানান, ২০২৫ খ্রিস্টাব্দে ২০ সেপ্টেম্বর ঢাকা খ্রিষ্টিয়ান সেমিটারী বোর্ডের তত্ত্বাবধানে এবং ব্রিটিশ অ্যাসোসিয়েশন ফর সিমেট্রিস ইন সাউথ এশিয়া (বিএসিএসএ) ও দ্য কমনওয়েলথ হেরিটেজ ফোরামের (সিএইচএফ) সহযোগিতায় সংস্কার শেষে স্থাপনা দু’টি উদ্বোধন করা হয়। দ্বিতীয় ধাপের লক্ষ্য কেবল ক্ষতিগ্রস্ত স্থাপনা মেরামত নয়। প্রতিটি স্মৃতিচিহ্নের ইতিহাস, পরিচয় ও বৈশিষ্ট্য যথাসম্ভব অক্ষুণ্ন রেখে ভবিষ্যৎ প্রজন্মের হাতে তুলে দেওয়াই মূল উদ্দেশ্য।
কবরস্থানের সংক্ষিপ্ত ইতিহাস ও বর্তমান অবস্থা তুলে ধরে বোর্ডের ভাইস-চেয়ারম্যান ফাদার ডেভিড গমেজ বলেন, নারিন্দা সিমেট্রির সবচেয়ে বড় সম্পদ শুধু বয়স নয়, ভেতরে থাকা ইতিহাসের বৈচিত্র্য। মুঘল আমলের ঢাকা থেকে ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময় ও ঔপনিবেশিক পর্যায় পর্যন্ত শহরের প্রতিটি বাঁকবদলের সঙ্গে সিমেট্রির ইতিহাস জড়িয়ে গেছে। ফলে এখানে থাকা প্রতিটি পুরনো সমাধিফলক বা স্মৃতিচিহ্নকে আলাদা একটি ঐতিহাসিক নথি হিসেবেও দেখা যায়। এছাড়া সংরক্ষণ কাজের কারিগরি দিকটি ব্যাখ্যা করেন প্রফেসর আবু সাইয়িদ। শেষে পুরো কবরস্থানটি পরিদর্শন করার মধ্য দিয়ে উক্ত দিবসের কার্যক্রমের সমাপ্তি ঘটে।

সংবাদ দাতা: অপু প্লাসিড

Leave a Reply