আনন্দঘন পরিবেশে উদযাপিত হলো ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব দিবস

গত ১৬ অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দে ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব দিবস ২০২৬ আনন্দ, উৎসাহ ও আধ্যাত্মিক উদ্দীপনার মধ্য দিয়ে উদযাপিত হয়। মন্সিনিয়র গাব্রিয়েল কোড়াইয়া এ যুব দিবসের শুভ উদ্বোধন করেন। এতে বিভিন্ন ডায়োসিস থেকে প্রায় ২০০ জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। যুব অ্যানিমেটরগণ তাঁদের আন্তরিক অভ্যর্থনা ও উষ্ণ ভালোবাসায় বরণ করে নেন।
জাতীয় যুব ক্রুশ স্থাপন ও যুব ক্রুশের অর্চনার মধ্য দিয়ে অনুষ্ঠানে প্রার্থনাময় পরিবেশের সূচনা হয়। এরপর বর্ণাঢ্য যুব র‌্যালি প্রাণবন্ত অ্যানিমেশন, আনন্দঘন খেলাধুলা, দলভিত্তিক আলোচনা ও সৃজনশীল উপস্থাপনা এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান যুব দিবসকে করে তোলে প্রাণবন্ত ও অর্থবহ। বিভিন্ন ধর্মপল্লীর যুবকদের পারস্পরিক পরিচয়, অভিজ্ঞতা বিনিময়, সম্মিলিত প্রার্থনা ও আনন্দময় সহভাগিতায় পুরো আয়োজন হয়ে ওঠে বিশ্বাস, ঐক্য ও ভ্রাতৃত্বের এক অনন্য মিলনমেলা। খ্রিস্টযাগে অংশগ্রহণের মধ্য দিয়ে যুবকেরা ঈশ্বরের সঙ্গে সম্পর্ক নবায়ন এবং খ্রিস্টীয় জীবনে নতুন উদ্দীপনা লাভের সুযোগ পায়।
যুব দিবসের সমাপনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশ সহকারী বিশপ সুব্রত গমেজ। প্রার্থনা, আনন্দ ও সহভাগিতায় সমৃদ্ধ এই উদযাপন যুবকদের হৃদয়ে খ্রিস্টের প্রতি বিশ্বাস আরও গভীর করতে এবং নিজেদের জীবন, কথা ও কাজের মাধ্যমে খ্রিস্টের সাক্ষী হয়ে মণ্ডলী ও সমাজে ইতিবাচক ভূমিকা রাখতে অনুপ্রাণিত করে।

Leave a Reply