আঠারোগ্রাম আঞ্চলিক পালকীয় পরিষদের উদ্যোগে শিশুমঙ্গল সেমিনার

গত ৭ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার, পবিত্র জপমালা রাণী গির্জা, হাসনাবাদ ধর্মপল্লীতে আঠারোগ্রাম আঞ্চলিক পালকীয় পরিষদের উদ্যোগে ও ঢাকা মহাধর্মপ্রদেশীয় শিশু মঙ্গল কমিশনের সহায়তায় আঞ্চলিক শিশু মঙ্গল সেমিনার অনুষ্ঠিত হয়। উক্ত সেমিনারের মূলসুর ছিল ‘শিশুর মত নম্র যারা, স্বর্গরাজ্য পাবে তারা।’ এই সেমিনারে ২৩৫ জন শিশু, ৩০ জন এনিমেটর, ৫ জন ফাদার ও ৭ জন সিস্টার উপস্থিত ছিলেন। সকাল ৯.৩০ ঘটিকায় পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে সেমিনারটি শুরু হয়। ঢাকা মহাধর্মপ্রদেশীয় শিশু মঙ্গল কমিশনের আহ্বায়ক ফাদার মিল্টন ডেনিস কোড়াইয়া খ্রিস্টযাগ উৎসর্গ করেন। খ্রিস্টযাগে উপদেশে ফাদার বলেন, শিশুরা হলো নম্র কোমল, তারা পবিত্র। প্রত্যেকজন শিশু ঈশ্বরের ভালোবাসায় থাকে। তাদের নম্রতা, বাধ্যতা ও পবিত্রতা সকলকে স্বর্গরাজ্যের দিকে চালিত হতে অনুপ্রাণিত করে।

খ্রিস্টযাগের পর এনিমেটরদের সহযোগিতায় শিশুদের নিয়ে ধর্মপল্লীর চত্বরে র‌্যালি করা হয়। এরপর শিশুদের জন্য টিফিনের ব্যবস্থা করা হয়। টিফিন গ্রহণের পর অনুষ্ঠানের শুরুতে ফাদার মিল্টন ডেনিস কোড়াইয়াকে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এরপর হাসনাবাদ ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার কল্লোল লরেন্স রোজারিও’র শুভেচ্ছা বক্তব্যের পর শিশুরা ধর্মপল্লীভিত্তিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও তাদের জন্য শিক্ষামূলক ভিডিও প্রদর্শন এবং কুইজের ব্যবস্থা করা হয়। অতঃপর শিশুদের জন্য বিভিন্ন পুরস্কার ও যিশুর ছবি উপহার দেওয়া হয়। অনুষ্ঠানের শেষে ফাদার মিল্টন ডেনিস কোড়াইয়া সবাইকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। পরিশেষে দুপুরে আহারের মধ্য দিয়ে এই সেমিনারের সমাপ্তি ঘটে।

সংবাদ দাতা: রাসেল রিবেরু