Magnifica Humanitas “মানবতার মহিমা” পোপ চতুর্দশ লিও কর্তৃক প্রকাশিত বিশ্বজনীনপত্রের প্রাথমিক ধারণা

Magnifica Humanitas
“মানবতার মহিমা”
পোপ চতুর্দশ লিও কর্তৃক প্রকাশিত বিশ্বজনীনপত্রের প্রাথমিক ধারণা
কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি

প্রেক্ষাপট:
পুণ্যপিতা পোপ চতুর্দশ লিও ২৫ মে, ২০২৬ খ্রিস্টাব্দ তারিখে অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সময়োপযোগী একটি বিশ্বজনীনপত্র প্রকাশ করেছেন যার নাম: “মানবতার মহিমা” (Magnifica Humanitas)। এ বিশ্বজনীনপত্রটি প্রকাশের মূল উদ্দেশ্য হচ্ছে: বর্তমান প্রযুক্তিবিদ্যা এবং “কৃত্রিম বুদ্ধিমত্তা” পর্যালোচনা করা এবং তারই প্রেক্ষাপটে মানবব্যক্তির মর্যাদা ও মানবতা রক্ষা করা।
কার্ডিনাল রবার্ট ফ্রান্সিস প্রেভোস্ট, ও.এস.এ. ২০২৫ খ্রিস্টাব্দের ৮ মে তারিখে পোপ রূপে নির্বাচিত হয়ে তিনি তাঁর নাম নিলেন চতুর্দশ লিও। এ নাম গ্রহণ করার পেছনে তাঁর একটি আদর্শিক রূপরেখা ছিল। উনবিংশ শতাব্দির শিল্প-বিপ্লব উত্তরকালে নতুন সামাজিক অবস্থা উদ্ভাবনের কারণে পোপ ত্রয়োদশ লিও, ১৮৯১ খ্রিস্টাব্দে “নতুন বিষয়” (Rerum Novarum) শিরোনামে খ্রিস্টমণ্ডলী একটি বিশ্বজনীনপত্র প্রকাশ করেন। এ দলিলটিই ইতিহাসে খ্রিস্টমণ্ডলীর সামাজিক শিক্ষার প্রথম পথিকৃত। এ পত্রের প্রতিপাদ্য বিষয় ছিল “কর্মজীবীদের শ্রম ও মূলধন”। পোপ ত্রয়োদশ লিও’র প্রতি শ্রদ্ধা নিবেদন করে এবং তাঁর দ্বারা প্রকাশিত “নতুন বিষয়” (Rerum Novarum) নামক বিশ্বজনীনপত্রের ১৩৫তম বার্ষিকীতে, ১৫ মে তারিখে তাঁর রচিত “মানবতার মহিমা” বিশ্বজনীনপত্রটি প্রকাশ করার উদ্দেশ্যে স্বাক্ষরদান করেন। এ বিশ্বজনীনপত্রটি হচ্ছে পোপ চতুর্দশ লিও’র প্রথম প্রকাশ, যা আশা করা হচ্ছে তাঁর প্রশাসন আমলে খ্রিস্টমণ্ডলীর ও বিশ্বের সামাজিক বিষয়ে সুনির্দিষ্ট দিকনির্দেশনা দান করবে।
পোপ হিসেবে নির্বাচিত হওয়ার এক সপ্তাহের মধ্যে পোপ লিও বলেছেন যে, বর্তমানে আরেকটি শিল্প-বিপ্লব ও উন্নয়ন-কর্মকাণ্ডের সূত্রপাত হয়েছে যাকে বলা হয় “কৃত্রিম বুদ্ধিমত্তা” (AI: Artificial Intelligence)। মে মাসের ১৭ তারিখে গণমাধ্যম দিবসে তিনি বলেছেন যে, “আমাদের মুখমণ্ডল ও মুখের কণ্ঠস্বর একক, প্রত্যেক মানবব্যক্তি স্বতন্ত্র বৈশিষ্ট্যের প্রকাশ”, “ব্যক্তির নিজস্ব পরিচয় পুনর্বার সৃষ্টি করা যায়না”; “কোন ব্যক্তির কণ্ঠ ও মুখমণ্ডল, প্রজ্ঞা ও জ্ঞান, সচেতনতা ও দায়বদ্ধতা, অনুভূতি ও বন্ধুত্ব নকল করে “কৃত্রিম বুদ্ধিমত্তা” (AI: Artificial Intelligence) অনেক সময় মানবিক সম্পর্কের গভীরতম পর্যায়ে অবৈধ ও অন্যায় ভাবে প্রবেশ করা হয় এবং মানুষের নিজস্ব অধিকারের ওপর হস্তক্ষেপ করে”।
“কৃত্রিম বুদ্ধিমত্তা”র বর্তমান যুগের প্রেক্ষাপটে “মানবতার মহিমা” বিষয়ক বিশ্বজনীনপত্রটি নিবেদিত হয়েছে মানবব্যক্তির মর্যাদা এবং মানবতা রক্ষা করার উদ্দেশ্যে। খুবই গুরুত্বপূর্ণ সামাজিক ও মাণ্ডলিক বিষয়সমূহ এ দলিলটিতে আলোচনা করা হয়েছে। বিশ্বের সামগ্রিক সংকটকালে খ্রিস্টমণ্ডলী “বিশ্ববিবেকের কণ্ঠস্বর” হিসেবে মানবতা রক্ষা করার উদ্দেশ্যে তাঁর নৈতিক শিক্ষা এ দলিলটিতে তুলে ধরেছেন। সুতরাং মণ্ডলীর সামাজিক শিক্ষার এ দলিলটি সকলে যেন মনোযোগ সহকারে গুরুত্ব প্রদান করে। অনেকে মত ব্যক্ত করেছেন যেন “কৃত্রিম বুদ্ধিমত্তা”(AI: Artificial Intelligence) কোম্পানি গুলো বা মাধ্যমগুলো পড়ার আগে আমরা যেন পাঠ ও অধ্যয়ন করি।
“মানবতার মহিমা” বিষয়ক পুরো দলিলটি, তার সারসংক্ষেপ, ভিডিও এবং চিত্রায়িত তথ্য বিভিন্ন অনলাইনে পাওয়া যাচ্ছে। আরও বিশদভাবে অবগত হওয়ার জন্য যে তিনটি লিংক উল্লেখ করা হয়েছে তা নিম্নরূপ:
(১)(https://e.va/magnificahumanitas); (২) (bit.ly/mhEMBARGOmay25); (৩) (www.vatican.va)
বিশ্বজনীনপত্রের সংক্ষিপ্ত পরিচয়:
“মানবতার মহিমা” বিষয়ক বিশ্বজনীনপত্রটি ভবিষ্যতে নানা জনে নানা ভাবে লেখালেখি করবে। ভবিষ্যতে এ বিষয়ে আরও বিশদ আলোচনার সুযোগও আমার হবে। তবে এখানে বিশ্বজনীন পত্রটির আলোচিত বিষয়বস্তু সম্পর্কে প্রাথমিক কিছু ধারণা তুলে ধরছি।
আজ ২৫ মে তারিখে, “মানবতার মহিমা” বিষয়ক বিশ্বজনীনপত্রটি প্রকাশনার সময়ে পুণ্যপিতা পোপ মহোদয় নিজের হাতে লিখিত নিম্নোক্ত বাণীটি সকল বিশপদের কাছে প্রেরণ করেছেন।
Dear brother Bishop,
May the Holy Spirit “renew the face of the earth” and of the magnificent humanity God has created and Jesus Christ has saved.
Please join me in bringing our Magisterium to the whole Church and all the world.
Fraternally in the episcopate,
Leo PP. XIV
বিশ্বজনীনপত্রের মূল বিষয়সূচি:
ভূমিকা: বর্তমান যুগের “নতুন বিষয়”; বাইবেলের দু’টো কাহিনী: বাবেলের দুর্গ (চূড়া) (দ্র: আদি ১১:১-৯) এবং জেরুশালেমের প্রাচীর নির্মাণ (দ্র: নেহেমিয়া ২-৬) বিশ্বজনীনপত্রের বাইবেলীয় প্রেক্ষিত নির্ধারণ করা হয়েছে; এখানে বলা হয়েছে যে, গণকল্যাণমূলক নির্মাণকাজে মানুষ যেন সর্বদা মানুষই থাকে।
প্রথম অধ্যায়: মঙ্গলসমাচারের প্রতি বিশ্বস্ততার সক্রিয় পদ্ধতি
(ক) মানব ইতিহাসের পথ ধরে খ্রিস্টমণ্ডলী সর্বদা পথযাত্রা করে এবং সেই যাত্রাকালে যিশুর মঙ্গলসমাচার ঘোষণা করে।
(খ) পোপ ত্রয়োদশ লিও থেকে শুরু করে (১৮৯১) অদ্যাবধি মণ্ডলীর সামাজিক শিক্ষা তুলে ধরা হয়েছে। মঙ্গলবাণী ঘোষণার প্রতি মণ্ডলীর বিশ্বস্ততা।
দ্বিতীয় অধ্যায়: মণ্ডলীর সামাজিক শিক্ষার ভিত্তি ও নীতিসমূহ
(ক) সামাজিক শিক্ষার ভিত্তি হচ্ছে: মানবব্যক্তি ঈশ্বরের সাদৃশ্যে সৃষ্ট; প্রত্যেক মানুষের সমমর্যাদা আছে; সকল মূল্যবোধের মধ্যে মানবাধিকার হচ্ছে সর্বোত্তম মূল্যবোধ।
(খ) এ দলিলে সামাজিক শিক্ষার নীতিসমূহ উল্লেখ ও ব্যাখ্যা করা হয়েছে, যেমন গণমঙ্গলের নীতি, জগৎ-সম্পদের সার্বজনীন উদ্দেশ্য, অধঃস্থনের অধিকার-নীতি, মানব-সংহতির নীতি এবং সামাজিক ন্যায়নীতি।
(গ) সমন্বিত মানব উন্নয়নই হচ্ছে প্রকৃত উন্নয়ন এবং এ বিষয়ে ব্যাখ্যা দেওয়া হয়েছে।
(ঘ) সামাজিক বিষয়ে মণ্ডলীর অন্যতম প্রধান কাজ হলো সামাজিক শিক্ষার আলোকে মণ্ডলী নিজেকে আত্ম-পরীক্ষা ও মূল্যায়ন করবে।
তৃতীয় অধ্যায়: প্রযুক্তিবিদ্যা ও তার প্রভাব; কৃত্রিম বুদ্ধিমত্তা-প্রসূত (এ.আই) অঙ্গীকারের আলোকে মানবতার মহিমা
(ক) বর্তমান বিশ্বে প্রযুক্তিবিদ্যার আদর্শ ও ডিজিটাল পদ্ধতির ক্ষমতা সম্বন্ধে এ দলিলে খুবই ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে মূল্যায়ন করা হয়েছে এবং এ বিষয়ে বিজ্ঞানের ইতিবাচক উন্নয়ন, ভূমিকা ও তার অবদান আলোচনা করা হয়েছে।
(খ) কৃত্রিম বুদ্ধিমত্তা বর্তমান যুগে খুবই একটি মূল্যবান যন্ত্র, কিন্তু তার ব্যবহারে সাবধানতা অবলম্বন করতে হবে যাতে মানুষের মর্যাদা ও অধিকার কোনভাবে ক্ষুন্ন করা না হয়।
(গ) যারা কৃত্রিম বুদ্ধিমত্তা পরিচালনা করে তাদের দায়বদ্ধতা ও স্বচ্ছতা মেনে চলতে হবে।
(ঘ) সর্ব ক্ষেত্রে অবশ্যই স্মরণ রাখতে হবে এবং ভুললে চলবে না যে, কৃত্রিম বুদ্ধিমত্তা কোন্ ধরনের তাৎপর্য উল্লেখ করে তার ব্যাখ্যা দেওয়া হয় সে সম্বন্ধে সচেতন থাকা; প্রযুক্তিবিদ্যা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব ব্যাপক, গোটা মানবতা প্রভাবিত হয় এমন কি পরবর্তী প্রজন্মের মানবতাও অপ্রভাবিত থাকে না; প্রযুক্তিবিদ্যা ও কৃত্রিম বুদ্ধিমত্তার সীমাবদ্ধতা আছে, মানব-হৃদয় এবং মানবব্যক্তির মাহাত্ম্য ক্ষুন্ন করে।
(ঙ) ঈশ্বরের অনুগ্রহ ও খ্রিস্টীয় মানবত্ম হচ্ছে সর্বাধিক সত্য যা অভিজ্ঞতা-লব্ধ মানবতারও উর্ধ্বে।
(চ) মানুষ দু’ধরনের জগতে বাস করে: ইহজগত ও পরজগত; মানুষের মধ্যে দু’ধরনের ভালবাসা আছে: প্রতিবেশির প্রতি ভালবাসা এবং ঈশ্বরের প্রতি ভালবাসা। এই সত্য সর্বদা মনে রাখতে হবে। তবে এ দুটি ধরন বিচ্ছিন্ন কিছু নয়।
চতুর্থ অধ্যায়: রূপান্তরের যুগান্তরে মানবতা সংরক্ষণ; সত্য, শ্রম ও স্বাধীনতা
(ক) মানুষের জন্য প্রকৃত সত্য কী? খাঁটি সত্য হচ্ছে: জনগণের কল্যাণ বা গণকল্যাণের জন্য সত্যকে অনুসন্ধান করা ও গণতন্ত্র প্রতিষ্ঠা করা; গণতান্ত্রিক গণমাধ্যম ও সমষ্টিগত কল্পনা ও দর্শন অগ্রাধিকার দেওয়া; পরিবেশ রক্ষার উদ্দেশে গণমাধ্যমের দায়বদ্ধতা, শিক্ষা ও শিখন-পদ্ধতির সাথে ডিজিটাল সংস্কৃতির যোগাযোগ ও সম্পৃক্ততা রক্ষা প্রয়োজন; প্রতিটি বিদ্যালয়ে শিক্ষার সাথে ডিজিটাল বিষয়বস্তু সম্বন্ধে শিক্ষা অন্তর্ভূক্ত করতে হবে।
(খ) ডিজিটালের বিবর্তন যুগে মানবশ্রমের মর্যাদা রক্ষা করা: শ্রমের মূল্য দেওয়া, বেকার সমস্যা দূর করা; এমন অর্থনীতি প্রতিষ্ঠা করা যা মানবব্যক্তির মর্যাদাকে মূল্য দেয়; বর্তমান প্রযুক্তিবিদ্যা ও কৃত্রিম বুদ্ধিমত্তার পরিবেশে পরিবার এবং যুবগোষ্ঠীকে কেন্দ্রীয় মনোযোগ রেখে ভাবতে হবে; মানুষের মধ্যে যে প্রত্যাশা আছে তা উৎকর্ষতার জন্য যথোপযুক্ত সামাজিক পরিবেশ সৃষ্টি করতে হবে।
(গ) নির্ভরশীল এবং বাণিজ্যিক কারাবন্দীত্ব থেকে স্বাধীনতাকে রক্ষা করতে হবে: বর্তমানকালে নির্ভরতা ও সামাজিক নিয়ন্ত্রণের শৃঙ্খল থেকে মুক্তি লাভ করা; আধুনিক যুগে নতুন নতুন দাসত্ব-প্রথা জন্ম নিয়েছে যার শৃঙ্খলাবদ্ধতা ভেঙ্গে দেওয়া মানুষের কর্তব্য।
(ঘ) সহ-দায়িত্ববোধ একটি মহান মূল্যবোধ: নতুন সমাজকে গড়া একার দায়িত্ব নয়, কারো প্রভুত্ব নয় বরং দায়িত্ব পালন করতে হবে সকলের সহ-ভাব পোষণের মাধ্যমে।
পঞ্চম অধ্যায়: ক্ষমতার সংস্কৃতি এবং ভালবাসার সভ্যতা
(ক) বর্তমান ডিজিটাল যুগের লক্ষ্য হবে এমন সভ্যতা সৃষ্টি করা যেখানে থাকবে ভালবাসা; ডিজিটাল পদ্ধতি সেই ভালবাসার সভ্যতা নির্মাণ করতে সেবা ও সাহায্য করবে।
(খ) আধুনিক জগতে ক্ষমতার সংস্কৃতি চলমান: ক্ষমতার সংস্কৃতির কারণে মানুষ ভাবে যুদ্ধ স্বাভাবিক, যুদ্ধ ছাড়া কোন ভাল কিছু অর্জন করা যায় না; অতএব ক্ষমতার সংস্কৃতিতে সীমাহীন ও অবাধ শক্তি প্রয়োগ করতে হবে; আরও লক্ষ্য করা যায় যে, কৃত্রিম বুদ্ধিমত্তা যুদ্ধ করার অস্ত্র হয়ে গেছে। এককত্ব ও স্বাতন্ত্র্য বৈশিষ্ট্যের পরিবর্তে এসেছে বহুত্ববাদ যা বিশ্বব্যাপী সংকট সৃষ্টি করছে; সৃষ্টি হয়েছে ভূ-রাজনীতির বাহুল্য; বর্তমান অবস্থায় আরেকটি বাদ সৃষ্টি হয়েছে, আর তা হচ্ছে বাস্তবতাবাদ; এই বাস্তবতাবাদের কারণে রাজনীতির সংজ্ঞাও পরিবর্তিত হয়েছে, বাস্তবতা নিয়েই রাজনীতি, রাজনীতি আদর্শচ্যুত হয়ে পড়েছে।
(গ) ভালবাসার সভ্যতা গড়ে তোলা বর্তমান জগতের প্রধান লক্ষ্য হওয়া উচিত। একটা বিষয় মনে রাখতে হবে যে, আমরা কেবল নিজের অংশটুকুই করতে পারি, সবকিছু করতে পারিনা ; আজকাল “কথা”, “বক্তব্য” বা “ভাষণ” যুদ্ধ ও সংঘর্ষে অস্ত্র হয়ে গেছে; ভালবাসার সভ্যতা গড়তে হলে এ সব অস্ত্র পরিহার করা প্রয়োজন; অন্যায্যতা অশান্তি সৃষ্টি করে, অতএব ন্যায্যতা প্রতিষ্ঠার মাধ্যমে শান্তি প্রতিষ্ঠা করা প্রথম ও প্রধান কাজ; ভালবাসার সভ্যতায় আক্রমণকারীর পক্ষ না নিয়ে ভুক্তভোগীদের ভাবনা জানা, কথা শোনা এবং গুরুত্ব দেওয়া; ভালবাসার সভ্যতাই পারবে সুস্থ বাস্তবতাবাদের কৃষ্টি উদ্ভাবন করতে; সমস্যা থেকে উত্তরণের জন্য সংলাপ ছাড়া বিকল্প নেই, সংলাপের পুনঃজাগরণ প্রয়োজন; কুটনীতি ও বহুত্ববাদীতার অনুশীলন একান্ত আবশ্যক; সর্বোপরি থাকবে প্রার্থনা ও প্রত্যাশা যা ঈশ্বরের প্রতি এবং মানুষের প্রতি আমাদের ভালবাসা ব্যক্ত করবে।
উপসংহার: সামাজিক শিক্ষার ধর্মতাত্বিক ভিত্তি হচ্ছে “বাণী মানব দেহধারণ করলেন”, যিশু মানুষের মাঝে এসেছেন এবং তিনি মানুষের মাঝে বাস করলেন; খ্রিস্টবিশ্বাসীদের বিশ্বাস হল খ্রিস্টেতে আমরা এক দেহ, যে-দেহে আছে অনেক স্বাতন্ত্রিক অঙ্গ-প্রতঙ্গ। আমাদের বর্তমান যুগে কোন কোন ক্ষেত্রে কাজ করতে হবে সেই কার্যক্ষেত্রগুলো নিরুপণ করা; মানুষ আশাবাদী, তাই তাকে প্রত্যাশার গান গাইতেই হয়। সেটাই তো প্রভুর মহিমাগান যা “মানবতার মহিমা”-য় অভিব্যক্ত। 

Leave a Reply