গত ২ ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ সোমবার বিসিআর কর্তৃক আয়োজিত বিশ্ব নিবেদিত জীবন দিবস ঢাকা অঞ্চলে অতি আনন্দের সাথে উদ্যাপন করা হয়েছে। বিভিন্ন ধর্মসংঘের ফাদার, ব্রাদার, সিস্টার ও বিভিন্ন গঠন গৃহের সেমিনারীয়ান এবং এ্যাসপাইরেন্টসহ মোট তিনশত জনের মতো এতে অংশগ্রহণ করেন। প্রথমে প্রার্থনার মধ্য দিয়ে নিবেদিত জীবন দিবস শুরু হয়। “খ্রিস্টে নিবেদিত, আশায় আলোকিত” এই মূলভাবের উপর সহভাগিতা করেন ফাদার রিপন রোজারিও এসজে। তিনি বলেন, নিবেদিত জীবনের আশায় আলোকিত হওয়ার জন্য প্রতিটি কাজ নিঃস্বার্থভাবে করার
মধ্য দিয়ে এই আলো ছড়ান ও নতুন আশায় সবার জীবন আলোকিত করা এবং জীবনের যেকোনো পরিস্থিতিতে, এমনকি নিরাশার অন্ধকারেও সুখের প্রত্যাশা না হারিয়ে সামনে এগিয়ে যাওয়া। এই দিনটিকে আরো পবিত্রময় করে তোলার জন্য পবিত্র খ্রিস্টযাগ উৎর্সগ করেন ফাদার জেমস ক্রুশ সিএসসি। উপদেশ বাণীতে তিনি নিবেদিত জীবনের মাহাত্ম্য তুলে ধরে বলেন, একজন নিবেদিতপ্রাণ মানুষের জীবন হলো অন্যের জন্য আলোর দিশারী। এতে আছে আত্মত্যাগ, কঠিনতার মধ্যেও এগিয়ে চলার সাহসই নিবেদিত জীবনের সৌন্দর্য। এই পর্ব উদ্যাপন করার মধ্য দিয়ে নিবেদিত জীবনে ঊৎস্বর্গীকৃত ফাদার, ব্রাদার ও সিস্টারগণ তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বলেন, যিশুকে যেভাবে মা-মারীয়া ও সাধু যোসেফ মন্দিরে ঊৎসর্গ করেছিলেন; তেমনি সেই ঊৎর্স্গীকৃত জীবনে তারা স্বইচ্ছায় এই জীবন বেছে নিয়েছেন। এবং এই নিবেদিত জীবন তারা খুবই আনন্দ ও হাসিখুশি ভাবে জীবন-যাপন করছেন। তারা অন্তরে পরিপূর্ণভাবে শান্তি ও ঐশ ভালবাসা নিয়ে নিঃস্বার্থভাবে যিশুর সেবা ও মিশনকাজে অংশগ্রহণ করছেন। একইসাথে তারা বর্তমান যুবক-যুবতীদের প্রতি বিশেষ আহ্বান জানাচ্ছেন যেন আরও অনেক যুবত-যুবতী যেন নিজেদেরকে নিবেদিত জীবনে ঊৎসর্গ করার মধ্য দিয়ে যিশুর সেবাকাজ ও মিশনকাজে অংশগ্রহণ করার জন্য এগিয়ে আসেন। পরিশেষে এই প্রোগ্রামকে সুন্দর ও স্বার্থক করার জন্য গঠিত কমিটিসহ উপস্থিত সকলকে বিসিআর-এর প্রেসিডেন্ট সিস্টার পুষ্প গমেজ, সিএসসি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করে অনুষ্ঠান শেষ করেন।
সংবাদদাতা: ফাদার অপু শলোমন রোজারিও, সিএসসি
