আন্ধারকোঠা ধর্মপল্লী প্রতিষ্ঠার ১২০ বছর পূর্তি উৎসব

গত ২৮ নভেম্বর “মিলনানন্দে ধন্যবাদ ও কৃতজ্ঞতা” মূলসুরকে কেন্দ্র করে রাজশাহী ধর্মপ্রদেশের আন্ধারকোঠা ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ধর্মপল্লী প্রতিষ্ঠার ১২০ বছর পূর্তি উদযাপন। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ধর্মপাল জের্ভাস রোজারিও, আন্ধারকোঠা ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার প্রেমু টি রোজারিওসহ ৬৫ জন ফাদার, ব্রাদার, সিস্টার ও সেমিনারিয়ান এবং বিভিন্ন ধর্মপল্লী ও গ্রাম থেকে আগত ছয় শতাধিক খ্রিস্টভক্ত। ধর্মপল্লীর পূর্তি উৎসবের প্রারম্ভে খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ জের্ভাস রোজারিও এবং অন্যান্য যাজকগণ সহার্পিত খ্রিস্টযাগে অংশগ্রহণ করেন। খ্রিস্টযাগের উপদেশে বিশপ জের্ভাস রোজারিও বলেন, “২০২৫ খ্রিস্টাব্দে আমরা পালন করছি যিশুখ্রিস্টের জন্মের ২০২৫ বছরের জুবিলী আর প্রয়াত পুণ্যপিতা পোপ ফ্রান্সিস মূলসুর হিসেবে বেছে নিয়েছে ‘আশার তীর্থযাত্রী’। এ পৃথিবীতে আমরা সবাই স্বর্গে যাওয়ার জন্য আশার তীর্থযাত্রী। তাই আমাদের আশা থাকতে হবে স্বর্গে যাওয়ার জন্য।” খ্রিস্টযাগের পর ১২০ বছরের স্মৃতিফলক উন্মোচন ও স্মৃতিচারণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। স্মৃতিচারণে ফাদার কার্লো বুজ্জি পিমে প্রয়াত পিমে ফাদারদ্বয় ও মারীয়া বাম্বিনা সিস্টারদের খ্রিস্টবাণী প্রচারের অবদানস্বরূপ তাদের আত্মার চিরশান্তি কামনা করেন। অতঃপর রাজশাহী কারিতাসের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য বলেন, আমরা রাজশাহী কারিতাস আনন্দিত কারণ এখান থেকেই কারিতাসের যাত্রা শুরু হয়েছিল। আজকের দিনে ধর্মপল্লীর উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করি।” এছাড়া পালপুরোহিত ফাদার প্রেমু রোজারিও উক্ত দিনের তাৎপর্য তুলে ধরেন। পরিশেষে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে উৎসবের সমাপ্ত হয়।

সংবাদাতা: লর্ড রোজারিও