১০ নভেম্বর, ফার্মগেটের, তেজগাঁও চার্চ কমিউনিটি সেন্টারে সদস্যদের উপস্থিতিতে অনুষ্ঠিত হলো দি খ্রীষ্টান কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লি:, ঢাকা-এর নবনির্বাচিত ব্যবস্থাপনা কমিটি, ক্রেডিট কমিটি ও সুপারভাইজরি কমিটির শপথগ্রহণ ও ধন্যবাদ জ্ঞাপন অনুষ্ঠান। অনুষ্ঠানের শুরুতে ঢাকা ক্রেডিটের আধ্যাত্মিক উপদেষ্টা বায়রন পি. বনিক প্রারম্ভিক প্রার্থনা এবং সমিতির উপদেষ্টা শিশিলিয়া মিস্ত্রী সমাপনী প্রার্থনা করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা ক্রেডিটের প্রেসিডেন্ট মাইকেল জন গমেজ এবং সঞ্চালনা করেন মঞ্জু মারীয়া পালমা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহাধর্মপ্রদেশের আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের অন্যতম সভাপতি ও বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও, আগস্টিন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের প্রাক্তন ম্যানেজার ও বর্তমান উপদেষ্টা নিপুন সাংমা, উপদেষ্টা তপন টি. রোজারিও, ঢাকা ক্রেডিটের সিইও জোনাস গমেজ ও ঢাকা ক্রেডিটের প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজসহ আরো অনেক সদস্য-সদস্যা। অনুষ্ঠানে আর্চবিশপ বিজয় এনডি’ক্রুজ ওএমআই বলেন, ‘ঢাকা ক্রেডিট অনেক বড় আর্থিক প্রতিষ্ঠান। তাই এখানে সঠিক পেশাদারিত্ব প্রয়োজন। আজ যারা দায়িত্ব নিয়েছেন, আপনাদের স্বচ্ছতা ও জবাবদিহিতা থাকতে হবে। আপনারা জনগণের আমানতের দায়িত্ব নিয়েছেন, এটা আপনাদের একটি পবিত্র দায়িত্ব। পাশাপাশি আপনাদের এই প্রতিষ্ঠানকে একটি মিলন এবং সম্প্রীতির প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে হবে। বিচ্ছিন্নতা প্রতিষ্ঠানের অনেক ক্ষতি করে। তাই সকলের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।’ অতপর মাইকেল জন গমেজ সকলকে ধন্যবাদ জানিয়ে বলেন, আপনারা নির্বাচনে ভোট প্রদান করে ঢাকা ক্রেডিটের দায়িত্বভার আমাদের উপর দিয়েছেন। আমরা আমাদের দায়িত্বের উপর দায়বদ্ধ এবং প্রতিশ্রুতিবদ্ধ। এছাড়া নির্মল রোজারিও, কালব-এর চেয়ারম্যান আগস্টিন পিউরীফিকেশন, ঢাকা ক্রেডিটের সাবেক প্রেসিডেন্ট ইগ্নাসিওস হেমন্ত কোড়াইয়া ও প্রাক্তন প্রেসিডেন্ট বাবু মার্কুজ গমেজ’সহ অন্যান্য বক্তারা নিজ নিজ বক্তব্য তুলে ধরেন।
এ পর্যায়ে আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই ঢাকা ক্রেডিটের নব নির্বাচিত ব্যবস্থাপনা কমিটি, ক্রেডিট কমিটি এবং সুপারভাইজরি কমিটিকে শপথবাক্য পাঠ করান। এছাড়াও বিগত বোর্ড এবং উপস্থিত অতিথিবৃন্দকে সমিতির পক্ষ থেকে ক্রেস্ট এবং উপহার প্রদান করা হয়। অনুষ্ঠানের শেষাংশে বিভিন্ন সমবায় প্রতিষ্ঠান, সংগঠন এবং অঙ্গ-সংগঠন নব নির্বাচিত বোর্ডকে ফুল দিয়ে শুভেচ্ছা ও অভিনন্দন জানায়। শেষে সমিতির নব নির্বাচিত ভাইস-প্রেসিডেন্ট শিপন রোজারিও ধন্যবাদ বক্তব্য প্রদান করে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।
সংবাদাতা: ডিসিনিউজ
