গত ৩১ অক্টোবর ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত গমেজ কর্তৃক রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর অন্তর্গত অমল ও অমিনা গমেজের সন্তান ডিকন অমিত খ্রীষ্টফার গমেজ যাজক সেবা দায়িত্বে অভিষিক্ত হন।
৩০ অক্টোবর, ডিকন অমিত খ্রীষ্টফার গমেজকে দড়িপাড়া ধর্মপল্লী থেকে রাঙ্গামাটিয়া ধর্মপল্লীর প্রধান গেইট পর্যন্ত দেশীয় কৃষ্টিতে বরণ করে নেওয়া হয়। সেই সাথে সহকারী বিশপ সুব্রত গমেজ এবং সিলেট ধর্মপ্রদেশের শ্রদ্ধেয় বিশপ শরৎ ফ্রান্সিস গমেজকেও মাল্য প্রদানের মাধ্যমে বরণ করা হয়। এছাড়া ডিকন অমিত খ্রীষ্টফার গমেজের মঙ্গল কামনায় পবিত্র আরাধনা করা হয়। আরাধনা শেষে ডিকন, তার পিতা-মাতা, দুই বিশপ ও পালপুরোহিতকে নৃত্য সহযোগে মঙ্গলানুষ্ঠান মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে ডিকন অমিত গমেজের মঙ্গল কামনায় মঙ্গলানুষ্ঠান ও আশীর্বাদ অনুষ্ঠান হয়।
দ্বিতীয় দিন, ৩১ অক্টোবর, সকাল ৯:১৫ মিনিটে যাজকীয় অভিষেকের খ্রিস্টযাগ শুরু হয়। খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ, যিনি ডিকন অমিতের জ্যেঠা হন। তিনি তার নিজের ভাতিজাকে অভিষিক্ত করেন। খ্রিস্টযাগে উপস্থিত সিলেট ধর্মপ্রদেশের বিশপ শরৎ ফ্রান্সিস গমেজ খ্রিস্টযাগে উপদেশ বাণী রাখেন এবং যাজকীয় জীবন সম্পর্কে সুন্দর ও অর্থপূর্ণ সহভাগিতা রাখেন। খ্রিস্টযাগে প্রায় ৬০ জন যাজক, ৬০ জন সিস্টার, ব্রাদার এবং গোল্লা ধর্মপল্লী, দড়িপাড়া ধর্মপল্লী’সহ স্থানীয় অনেক খ্রিস্টভক্ত এতে অংশগ্রহণ করেন। খ্রিস্টযাগ শেষে ধর্মপল্লীবাসীর পক্ষ থেকে নব অভিষিক্ত যাজক অমিত গমেজকে সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় বরণ নৃত্য, মানপত্র পাঠ ও প্রদান, মায়ের অনুভূতি, নতুন যাজকের অনুভূতি, উপহার প্রদানসহ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সংবর্ধনা শেষে সকলের জন্য দুপুরের আহারের ব্যবস্থা করা হয়।
০১ নভেম্বর, সকাল ৯ টায় নতুন যাজক তার ধন্যবাদের খ্রিস্টযাগ অর্পণ করেন এবং ৪৯ জন প্রথম কম্যুনিয়ন প্রার্থীদের প্রথম কম্যুনিয়ন প্রধান করেন। নতুন যাজকের ধন্যবাদের খ্রিস্টযাগে উপদেশ বাণী সহভাগিতা করেন ফাদার জেমস্ ক্রুশ সিএসসি। এই খ্রিস্টযাগে বিশপ সুব্রত বনিফাস গমেজ’সহ আরও কয়েকজন যাজক, সিস্টার এবং অনেক খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। খ্রিস্টযাগ শেষে প্রথম কম্যুনিয়ন গ্রহণকারীদের সার্টিফিকেট ও উপহার প্রদান করা হয়। পরিশেষে, নতুন যাজকের বাড়িতে নিমন্ত্রিত অতিথিদের জন্য দুপুরে আহারের ব্যবস্থা করা হয়।
সংবাদাতা:ফাদার লিয়ন জেভিয়ার রোজারিও
