উপাসনা কমিটি ও গানের দলের সদস্যদের জুবিলী উৎসব

গত ৮ আগস্ট ২০২৫ খ্রিস্টবর্ষ রোজ শুক্রবার নাগরী পানজোরা সাধু আন্তনীর তীর্থস্থানে ঢাকা মহাধর্মপ্রদেশের উপাসনা কমিটির আয়োজনে ভাওয়াল অঞ্চলের সকল ধর্মপল্লীর গানের দল ও উপাসনা কমিটির সদস্যদের নিয়ে জুবিলী উৎসব পালন করা হয়েছে। বৃষ্টি থাকা সত্ত্বেও ভাওয়ার অঞ্চলের বিভিন্ন ধর্মপল্লী থেকে উপাসনা ও গানের দলের সদস্যরা সকাল ৮:৪৫ মিনিটে সাধু আন্তনীর তীর্থভূমিতে এসে উপস্থিত হন। বিভিন্ন ধর্মপল্লীর গানের দল ও উপাসনা কমিটি থেকে প্রায় ২৫০ জনের মত প্রতিনিধিবর্গ জুবিলী উৎসবে উপস্থিত ছিলেন। প্রত্যেক ধর্মপল্লীরই পালপুরোহিত ও সহকারী পাল পুরোহিত এবং সিস্টার-ব্রাদারগণ  এ উৎসবে যোগদান করেন। নাগরী ধর্মপল্লীর প্রার্থনা পরিচালনার মধ্যদিয়ে জুবিলী উৎসব অনুষ্ঠানের সূচনা হয়।শুরুতে ঢাকা মহাধর্মপ্রদেশের উপাসনা কমিটির আহ্বায়ক ফাদার রুবেন গমেজ সকলকে শুভেচ্ছা জানান এবং ভাওয়াল অঞ্চলের পক্ষে ফাদার কুঞ্জন কুইয়া সকলকে শুভেচ্ছা জানান। ফাদার পিটার শ্যানেল গমেজ “জুবিলীর আনন্দে, বিশ্বাসের উৎস” এই মূলভাবের উপর সহভাগিতা করেন। এরপর তিনি উপাসনা, বাণীপাঠ, খ্রিস্টযাগ এবং গানের উপরেও তার সহভাগিতা রাখেন। এছাড়া মুক্ত আলোচনায় উপাসনা বিষয়ে কয়েকজন প্রশ্ন করেন। ফাদার প্যাট্রিক শিমন গমেজ দুপুর ১২টার সময় পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন। খ্রিস্টযাগের পর ধর্মপল্লীভিত্তিক গানের প্রতিযোগিতা করা হয় এবং এতে ১ম হয় নাগরী ধর্মপল্লী, ২য় হয় রাঙ্গামাটিয়া ধর্মপল্লী এবং ৩য় স্থান অধিকার করে ধরেণ্ডা ধর্মপল্লী। শেষে ফাদার রুবেন গমেজের ধন্যবাদ জ্ঞাপন এবং দুপুরের আহারের মধ্য দিয়ে জুবিলী তীর্থ উৎসব শেষ করা হয়।

সংবাদাতা: ফাদার লিয়ন জেভিয়ার রোজারিও