মহাসমারোহে উদযাপিত হল যাজকদের প্রতিপালক সাধু জন মেরী ভিয়ান্নীর পর্ব দিবস

৫ আগস্ট ২০২৫, মঙ্গলবার, ঢাকাস্থ রমনার সাধু যোসেফের পরিবারে উৎসবমুখর পরিবেশে উদযাপিত হলো সকল যাজকদের প্রতিপালক সাধু জন মেরী ভিয়ান্নীর পর্ব দিবস। সকালবেলা পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে দিনটি শুরু হয়। ফাদার তপন ডি’ রোজারিও পবিত্র খ্রিস্টযাগের পৌরোহিত্য করেন এবং সহযোগিতা করেন ফাদার বিদ্যা বর্মন, সেমিনারীর পরিচালক ফাদার সনি মার্টিন রড্রিক্স, সহকারী পরিচালক ফাদার দানিয়েল মুরমু, আধ্যাত্মিক পরিচালক ফাদার যোসেফ চিসিম এবং সেমিনারীয়ানগণ। খ্রিস্টযাগে ফাদার তপন ডি’ রোজারিও উপদেশবাণীতে বলেন, “সাধু জন মেরী ভিয়ান্নী পাপ সম্পর্কে বলেন, ‘পাপ করলে আমরা ঈশ্বরকে অস্বীকার করি।’ তিনি আরও উল্লেখ করেন, ভিয়ান্নী প্রতিদিন পনেরো থেকে ষোল ঘণ্টা পর্যন্ত পাপস্বীকার শুনতেন এবং ঈশ্বরপ্রদত্ত অন্তর্দৃষ্টির মাধ্যমে মানুষের হৃদয়ের গভীরতম বিষয় বুঝতে পারতেন। এছাড়া তিনি সাধু জন মেরী ভিয়ান্নীর বিভিন্ন আশ্চর্য কাজের কথাও উপদেশবাণীতে উল্লেখ করেন। খ্রিস্টযাগ শেষে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয়। এছাড়া সন্ধ্যার আহারের সময় সাধু যোসেফের পরিবারের পক্ষ থেকে সকল যাজকদের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। এরপর সাংস্কৃতিক পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হয় আকর্ষণীয় সাংস্কৃতিক অনুষ্ঠান। শেষে অনুষ্ঠানের সমাপ্তি বক্তব্য প্রদান করেন ফাদার সনি মার্টিন রড্রিক্স এবং ফাদার বিদ্যা বর্মনের প্রার্থনার মধ্যদিয়ে এই পর্বীয় আয়োজনের আনুষ্ঠানিকতার পরিসমাপ্তি ঘটে।

সংবাদাতা: প্লাবন স্কট গ্রেগরী