“ডিজিটাল মিশনারী: আশা ও সত্যের সাক্ষী” বিষয়ক সারাদিনব্যাপী মিডিয়া সেমিনার

ঢাকা মহাধর্মপ্রদেশের সামাজিক যোগাযোগ কমিশনের আয়োজনে গত ২৬ জুলাই ভাটারা ধর্মপল্লীতে ঢাকা শহরের বিভিন্ন ধর্মপল্লীর যুবক-যুবতীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হলো দিনব্যাপী মিডিয়া সেমিনার। সেমিনারের মূলসুর ছিল:“ডিজিটাল মিশনারী : ডিজিটাল বিশ্বে আশা ও সত্যের সাক্ষী হওয়া”। অনুষ্ঠানে ঢাকা শহরের বিভিন্ন ধর্মপল্লীর প্রায় ষাট জন যুবক-যুবতী অংশগ্রহণ করেন। ধর্মপল্লীর যুবক-যুবতীরা প্রার্থনার মধ্যদিয়ে সেমিনারের সূচনা করেন। প্রথমেই ভাটারা ঐশ করুণা ধর্মপল্লীর সহকারী পাল পুরোহিত ফাদার শিশির কোড়াইয়া সবাইকে স্বাগত জানান। কমিশনের আহ্বায়ক, খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ও সাপ্তাহিক প্রতিবেশী’র সম্পাদক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন এবং অনুষ্ঠানটি সার্বিকভাবে পরিচালনা করেন। “ডিজিটাল মিশনারী : ডিজিটাল বিশ্বে আশা ও সত্যের সাক্ষী হওয়া”- এ বিষয়ে মূল বক্তব্য উপস্থাপন করেন কাফরুল ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার জ্যোতি এফ কস্তা। ডিজিটাল যুগে মণ্ডলীর একজন খ্রিস্টভক্ত হিসেবে আমরা কিভাবে বাণী প্রচার করতে পারি, কিভাবে পারিবারিক জীবনে তা কাজে লাগাতে পারি, বিশ্বাস-আশা ও ভালোবাসার আলোকে মিডিয়া ব্যবহারের দিকনির্দেশনাবলী, ফেইক নিউজ চেনার উপায়-ফ্যাক্টচেকিং, কপিরাইট সম্পর্কিত আলোচনা ও কনটেন্ট কিভাবে তৈরী করা হয়-এ সকল বিষয়গুলো নিয়ে বিশদ উপস্থাপন করেন। মূল বক্তব্য শেষে অংশগ্রহণকারীদের নিয়ে তিনটি গ্রুপে ভাগ করে বিষয়ভিত্তিক প্যানেল আলোচনা হয়। প্যানেল আলোচনা পরিচালনা করেন ডিসি নিউজের ইনচার্জ রবীন ভাবুক, ডিজিটাল অনলাইন ‘টেক-ভয়েস ২৪’ এর প্রধান উজ্জ্বল এ গমেজ, আনন্দবার্তা মিডিয়ার মডারেটর নিউটন মন্ডল ও ঈশিতা ক্লারা গমেজ। সেমিনার শেষ পর্যায়ে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার বুলবুল এ রিবেরু, ফাদার জ্যোতি এফ কস্তা ও ফাদার শিশির কোড়াইয়া। খ্রিস্টযাগের উপদেশে ফাদার বলেন, তথ্যপ্রযুক্তির উৎকর্ষতার এই যুগে যুবক-যুবতীদের ভার্চুয়াল জগতে আশা ও সত্যের সাক্ষী হওয়ার লক্ষ্যে সামাজিক যোগাযোগামাধ্যমের দায়িত্বশীল ব্যবহার করার উদ্দেশ্যই এই সেমিনার আয়োজন করা হয়েছে। তাই আমরা যেন খ্রিস্টীয় ভাব বজায় রেখে ডিজিটাল মিডিয়াতে উপস্থিত থাকতে পারি এবং ধীরে ধীরে ডিজিটাল প্লাটফর্মকে আরো বেশি জীবন উপযোগী করতে পারি। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন যোগাযোগ কমিশনের সদস্য সাগর এস কোড়াইয়া ও লাকী ফ্লোরেন্স কোড়াইয়া। অনুষ্ঠানটিতে বিভিন্নভাবে সহায়তা করেছে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও সিননিস বাংলাদেশ।

সংবাদদাতা: নিজস্ব প্রতিনিধি         

ছবি: সাগর সঞ্জীব কোড়াইয়ার সৌজন্যে