রাজশাহী ধর্মপ্রদেশের ক্যাথিড্রাল ধর্মপল্লীতে অনুষ্ঠিত হলো ওয়াইসিএস সেমিনার

লর্ড ডানিয়েল রোজারিও: রাজশাহী ধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে ক্যাথিড্রাল ধর্মপল্লীতে দিনব্যাপী ওয়াইসিএস সেমিনার অনুষ্ঠিত হয়। এতে ধর্মপল্লীর বিভিন্ন গ্রাম থেকে আগত যুবক-যুবতী ও এনিমেটরগণ উপস্থিত ছিলেন। উক্ত ওয়াইসিএস সেমিনারে উপস্থিত ছিলেন রাজশাহী ধর্মপ্রদেশের ভিকার জেনারেল ফাদার ফাবিয়ান মারান্ডী, যুব-সমন্বয়কারী ফাদার শ্যামল জেমস গমেজ, কারিতাস রাজশাহী অঞ্চলের আঞ্চলিক পরিচালক ড. আরোক টপ্য, ওয়ার্ল্ড ভিশনের সিনিয়র ম্যানেজার লুক লোটাস চিসিম ও অন্যান্য ফাদার-সিস্টারগণ। অনুষ্ঠানে উদ্বোধনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন ফাদার শ্যামল গমেজ। তিনি উপদেশ বাণীতে বলেন, “আজকের মঙ্গলসমাচারে আমরা দেখতে পাই ফরিসিরা শিষ্যদের নামে যিশুর কাছে অভিযোগ করছেন বিশ্রামবারে বিধি লঙ্ঘন করার জন্য। কিন্তু যিশুর উত্তর ছিল মানবপুত্র বিশ্রামবারের থেকে বড়। তাই ভাই-বোনেরা এসো আমরা যিশুর শিষ্য হওয়ার লক্ষ্যে এগিয়ে যাই। আমাদের অন্তরটা যেন ফরিসিদের মতো না হয়।” খ্রিস্টযাগের পরে বর্তমান বাস্তবতায় যুব সচেতনতা ও নৈতিকতা, নিজ জীবন সহভাগিতা ও ক্যারিয়ার গঠন এবং YCS গঠন কার্যক্রম বিষয়ের উপর যথাক্রমে লুক লোটাস চিসিম, ড. আরোক টপ্য ও ফাদার শ্যামল গমেজ সহভাগিতা করেন। ক্যাথিড্রাল ধর্মপল্লীর পালপুরোহিত সকলের উদ্দেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন। এছাড়া  লুক লোটাস চিসিম এবং ড. আরোক টপ্য YCS বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। অতঃপর অংশগ্রহণকারীদের মধ্যে একজন যুবতী শ্রেয়া মন্ডল তার অনুভূতিমূলক বক্তব্য রাখে। পরিশেষে, মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ও পাল-পুরোহিতের সমাপনী বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।