ভারতের পশ্চিমবঙ্গে গির্জা ও খ্রিস্টানদের উপর হামলার প্রতিবাদে ১৭ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, রোজ শুক্রবার, সকাল ১১ ঘটিকায়, জাতীয় প্রেসক্লাবের সামনে বাংলাদেশ খ্রীষ্টান এসোসিয়েশনের উদ্যোগে এক মানববন্ধন কর্মসূচী ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসোসিয়েশনের প্রেসিডেন্ট নির্মল রোজারিও’র সভাপতিত্বে অনুষ্ঠিত এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল কর্মসূচীতে বক্তব্য রাখেন বিপ্লবী ওয়াকার্স পার্টির সাধারণ সম্পাদক জনাব সাইফুল হক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল-এর কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য এড. আবেদ রেজা, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদের যুগ্ম-সাধারণ সম্পাদক শ্রী মনিন্দ্র কুমার নাথ, এসোসিয়েশনের মহাসচিব হেমন্ত আই কোড়াইয়া, রমনা ক্যাথিড্রাল চার্চের পরিচালক ফাদার আলবার্ট টি. রোজারিও, এসোসিয়েশনের যুগ্ম মহাসচিব জেমস সুব্রত হাজরা, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মি. থিওফিল রোজারিও, প্রচার ও প্রকাশনা সম্পাদক মি. জন অরুনেশ বাড়ৈ, কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য ভিক্টর রে, মোহম্মদপুর শাখার নির্বাহী সদস্য মিস শিল্পী বৈদ্য প্রমুখ।
অনুষ্ঠানে বক্তাগণ অতি সম্প্রতি ভারতের পশ্চিমবঙ্গে গির্জায় হামলাসহ খ্রিস্টানদের উপর অত্যাচার, নির্যাতন, হামলা, জমি দখল, ধর্ম পরিবর্তন ও প্রার্থনা সভা না করার জন্য হুমকি প্রদান করার ঘটনাসমূহের প্রেক্ষিতে তীব্র প্রতিবাদ ও নিন্দা জানান। তাঁরা ধর্ম নিরপেক্ষ ভারতে এ ধরণের ঘটনা ঘটার পরিপ্রেক্ষিতে বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেন। তাঁরা ঘটনাসমূহের প্রেক্ষিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তপূর্বক দোষীদের গ্রেফতার করে বিচারের আওতায় আনার জন্য ভারত সরকারের নিকট জোর দাবি জানান। বক্তারা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আজকের এ মানববন্ধন থেকে ভারতে সংগঠিত ঘটনাবলীর বিষয়ে বাংলাদেশের খ্রিস্টান সমাজের উদ্বেগের বিষয়টি যথাযথ কর্তৃপক্ষকে অবহিত করার জোর দাবী জানান। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি প্রেসক্লাব থেকে পল্টন মোড় ঘুরে পুনরায় প্রেসক্লাবের সামনে এসে সমাপ্ত হয়।
সংবাদ দাতা: স্বপন রোজারিও
