বরিশাল ডায়োসিসের প্রথম মন্সিনিয়রের পোশাক প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান

গত ১০ জুলাই রোজ শুক্রবার, বরিশাল ডায়োসিসের ক্যাথিড্রাল ধর্মপল্লীতে খ্রিস্টযাগের মধ্য দিয়ে অনুষ্ঠিত হল মন্সিনিয়র লাজারুস গোমেজের পোশাক প্রদান অনুষ্ঠান। খ্রিস্টযাগে  পৌরহিত্য করেন বরিশাল কাথলিক

ডায়োসিসের বিশপ ইম্মানুয়েল রোজারিও। উক্ত অনুষ্ঠানে পোপ কর্তৃক প্রেরণকৃত পত্র পাঠ, পোশাক প্রদান অনুষ্ঠান ও সার্টিফিকেট প্রেরণ, যোজন কাজগুলো পর্যায়ক্রমে সম্পন্ন হয়।

পবিত্র খ্রিস্টযাগের পর মন্সিনিয়রকে সংবর্ধনা প্রদান করা হয়। বরিশাল ডায়োসিস কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বাংলাদেশে ভাটিকান দূতাবাসের চার্জ দ্যা এ্যাফেয়ার্স মন্সিনিয়র আবেল টগলো, হলিক্রস যাজক সংঘের ভাইস-প্রভিন্সিয়াল, আরএনডিএম সিস্টারদের প্রভিন্সিয়াল, এলএইচসি সিস্টারদের সুপিরিয়র জেনারেল, ডায়োসিসের ফাদারগণ, ব্রাদারগণ, সিস্টারগণ, সকল ধর্মপল্লী থেকে আমন্ত্রিত খ্রিস্টভক্ত সহ মোট প্রায় ৪৫০ খ্রিস্টযাগে উপস্থিত ছিলেন।

সমগ্র অনুষ্ঠানটি ডায়োসিসের সামাজিক যোগাযোগ কমিশনের ফেইজবুক পেইজে সরাসরি সম্প্রচার করা হয়। সমগ্র অনুষ্ঠানের পরিচালনায় ছিলেন ডায়োসিসের ভিকার জেনারেল ফাদার লরেন্স লেকাভালিয়ে গোমেজ। টিফিন ও মধাহ্নভোজের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

উল্লেখ্য ফাদার লাজারুস কানু গোমেজ ১৯৫৪ খ্রিস্টাব্দের ১৪ সেপ্টেম্বর পাদ্রিশিবপুর গ্রামে ম্যানুয়েল ও মার্গারেট গমেজের ঘরে জন্ম গ্রহণ করেন। ৭ ভাই-বোনের মধ্যে তার স্থান ৬ষ্ঠ। যাজকীয় আহ্বানের অন্বেষণে তিনি ক্ষুদ্র পুষ্প সেমিনারী বান্দুরাতে প্রবেশ করেন ও ধীরে ধীরে নিজেকে গঠিত করেন যাজক হবার জন্যে। ১৯৭৯ থেকে ১৯৮৫ পর্যন্ত বনানী উচ্চ সেমিনারীতে পড়াশুনা শেষ করে ১৯৮৬ খ্রিস্টাব্দে বরিশালে ডিকন হিসেবে অভিষিক্ত হন। একই বছর অর্থাৎ ১৯ নভেম্বর ১৯৮৬ খ্রিস্টাব্দে তিনি পুণ্যপিতা সাধু ২য় জন পল কর্তৃক যাজক হিসেবে অভিষিক্ত হন।

যাজকীয় জীবনের অনেকটা সময় পার্বত্য চট্টগ্রাম ও চট্টগ্রামে পালকীয় সেবা দান করেন। পরবর্তীতে গৌরনদী, নারিকেলবাড়ি ও বরিশালে পালক পুরোহিত হিসেবে মানুষের যত্ন দান করেন। এছাড়া ২০১৮ থেকে ২০২৬ খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি বরিশাল ডায়োসিসের ভিকার জেনারেল হিসেবে দায়িত্ব পালন করেন।  

বরিশাল কাথলিক ধর্মপ্রদেশের প্রথম মন্সিনিয়র হিসেবে মনোনীত হওয়ায় শ্রদ্ধেয় মন্সিনিয়র লাজারুস গোমেজ-কে জানাই আন্তরিক শুভেচ্ছা  ও প্রাণঢালা অভিনন্দন।

সংবাদদাতা: লিটন আরিন্দা

Leave a Reply