সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

গত ০২ সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দে রাজশাহী ধর্মপ্রদেশ কর্তৃক পরিচালিত বোর্ণী ধর্মপল্লীর অন্তর্গত সেন্ট লুইস উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত হয় বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা-২০২৬। “এসো মেধা, সৃষ্টি ও পরিবেশের যত্ন নেই” এই মূলসুরের উপর সভাপতিত্ব করেন বোর্ণী মারীয়াবাদ ধর্মপল্লীর পাল পুরোহিত ফাদার বাবলু কোড়াইয়া।
অনুষ্ঠানের শুরুতেই সভাপতি ও বিশেষ অতিথিদের ফুল ও গানের মধ্য দিয়ে শুভেচ্ছা জ্ঞাপন করা হয়। এরপর জাতীয় সংগীত পরিবেশন, জাতীয় পতাকা উত্তোলন ও ধর্মগ্রন্থ থেকে পাঠ শেষে প্রদীপ জ্বালিয়ে বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা’র শুভ উদ্বোধন করা হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে প্রধান শিক্ষক ফাদার উত্তম রোজারিও সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, বিজ্ঞান মেলা শিক্ষার্থীদের মধ্যে নতুন প্রযুক্তি ও আবিষ্কার সম্পর্কে তাদের আগ্রহ তৈরি করে এবং সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতাগুলোর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, মননশীলতা, ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়ে থাকে।
সভাপতি ফাদার বাবলু কোড়াইয়া শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, পাঠ্য বইয়ের সিলেবাস ভিত্তিক পড়াশোনার পাশাপাশি শিক্ষার্থীদের সার্বিক গঠন ও উন্নয়নের জন্য সেন্ট লুইস হাই স্কুলে সহশিক্ষা কার্যক্রমের উপর সর্বদাই বিশেষ গুরুত্ব দেয়া হয়। তাই শিক্ষার্থীদের করণীয় হল সিলেবাসের পড়ালেখার সাথে সাথে সকল প্রকার সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করা এবং নিজেদের সুপ্ত প্রতিভা বিকাশ করা।
বক্তব্যের শেষে প্রধান শিক্ষক ও সভাপতি মহোদয় অতিথিদের নিয়ে বিজ্ঞান মেলার স্টল উদ্বোধন করেন এবং প্রত্যেকটি স্টল পরিদর্শন করেন। এ সময় শিক্ষকগণের পরিচালনায় ও শিক্ষার্থীদের অংশগ্রহণে মঞ্চে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিবিধ কার্যক্রম অব্যাহত থাকে। পরিশেষে, বিজ্ঞান মেলা, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিজয়ীদের মাঝে বিতরণ করার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

সংবাদ দাতা: সিস্টার রুলিতা খালকো এসসি