গত ১ মে ২০২৬ খ্রিস্টাব্দে ঢাকার রমনায় অবস্থিত সাধু যোসেফের সেমিনারীতে প্রতিপালক “শ্রমিক সাধুু যোসেফের” পর্ব অত্যন্ত আনন্দ ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে উদযাপন করা হয়। এই দিনটি খ্রিস্টভক্তদের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ, কারণ সাধু যোসেফ সকল মানুষের আদর্শ ও প্রেরণার প্রতীক হিসেবে পরিচিত। এই পর্বীয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন. ডি’ ক্রুজ ওএমআই, সেমিনারীর পরিচালকবৃন্দ, ঢাকা মহাধর্মপ্রদেশ থেকে আগত যাজকবৃন্দ, সিস্টারগণ, নটর ডেম কলেজ থেকে আগত প্রফেসরগণ, ঢাকা ধর্মপ্রদেশের বিভিন্ন ধর্মপল্লী থেকে আগত সম্মানিত খ্রিস্টভক্তগণ, সেমিনারীয়ানগণ এবং সেমিনারীর সহায়ক মণ্ডলী।
শুরুতে আর্চবিশপ মহোদয় পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন। পবিত্র খ্রিস্টযাগে তিনি শ্রমিক সাধু যোসেফের জীবন, তাঁর বিনয়, পরিশ্রম ও বিশ্বাসের আদর্শ সম্পর্কে গুরুত্বপূর্ণ উপদেশ প্রদান করেন। তিনি বলেন যে, বর্তমান সমাজে শ্রমের মর্যাদা রক্ষা করা এবং সৎ ও পরিশ্রমী জীবনযাপন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
পবিত্র খ্রিস্টযাগ শেষে উপস্থিত সকলের জন্য রাতের আহারের ব্যবস্থা করা হয়। এতে সবাই আনন্দের সাথে অংশগ্রহণ করেন এবং পারস্পারিক ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় হয়। সব মিলিয়ে দিনটি ছিল আনন্দ ও প্রার্থনাপূর্ণ। এই আয়োজনের মাধ্যমে সাধু যোসেফের প্রতি সকলের শ্রদ্ধা, ভক্তি ও ভালোবাসা বৃদ্ধি পেয়েছে।
সংবাদ দাতা: অপূর্ব রয়
