ভাওয়াল অঞ্চলে খ্রিস্টধর্ম শিক্ষার পাঠ্যসূচী সহায়ক কর্মশালা

গত ১৪ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ঢাকা মহাধর্মপ্রদেশীয় বাইবেল ও ধর্মশিক্ষা কমিশনের আয়োজনে দোম আন্তনীও পালকীয় সেবা কেন্দ্র নাগরীতে, ভাওয়াল অঞ্চলের বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষিকাদের নিয়ে খ্রিস্টধর্ম শিক্ষার পাঠ্যসূচী সহায়ক কর্মশালার আয়োজন করা হয়| এই গঠন প্রশিক্ষণ কর্মশালায় মোট ১৩৫ জন শিক্ষক ও শিক্ষিকা অংশগ্রহণ করেন| প্রশিক্ষণ কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন ভাওয়াল আঞ্চলিক পরিষদের সভাপতি ফাদার স্টেনিসলাউস গমেজ| তিনি বলেন, আমাদের শিশু-কিশোরদের সঠিক ধর্মশিক্ষা প্রদান খ্রিস্টীয় জীবনে খুবই গুরুত্বপূর্ণ বিষয়| আমরা যেন আমাদের শিশু-কিশোরদের সঠিক ধর্মশিক্ষা ও নীতি শিক্ষা প্রদান করি| তাদের মধ্যে যেন ভ্রান্তি বা ভুল ধারণা না থাকে| দোম আন্তনীও পালকীয় সেবা কেন্দ্রের পরিচালক ফাদার তপন ডি’রোজারিও সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন| সকাল ৯টায় ফাদার শিপন পিটার রিবেরু প্রথম অধিবেশন শুরু করেন এবং সকাল ১১টায় দ্বিতীয় অধিবেশন হয়| প্রশিক্ষণ কর্মশালায় অংশগ্রহণকরীদের নিয়ে সাতটি দল গঠন করা হয় এবং ধর্মশিক্ষার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করে প্রশ্ন উত্থাপন করতে দেয়া হয়| দুপুরের আহারের পর ফাদার শিপন পিটার রিবেরু বিভিন্ন দলের প্রশ্নের উত্তর দেন| তিনি বলেন, প্রথম কমিনিয়ন, হস্তাপর্ণ ও ধর্মক্লাসে শিশু-কিশোরদের (যে সিট/হ্যান্ড নোট দেয়া হয়েছে) সিলেবাস অনুযায়ী ধর্মশিক্ষা প্রদান করা হয়| প্রশ্ন-উত্তর প্রদানের মাধ্যমে প্রশিক্ষণে অংশগ্রহণকারীগণ স্বচ্ছ ও সঠিক উত্তর পেয়েছেন বলে অভিমত ব্যক্ত করেন| ঢাকা মহাধর্মপ্রদেশীয় বাইবেল ও ধর্মশিক্ষা কমিশনের আহ্বায়ক ফাদার শিপন পিটার রিবেরু গঠন প্রশিক্ষণে অংশগ্রহণকারী শিক্ষকমণ্ডলী, দোম আন্তনীও পালকীয় সেবা কেন্দ্রের পরিচালক, ভাওয়াল আঞ্চলিক পালকীয় পরিষদের সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করে| এছাড়াও ৭ জন যাজক, ১ জন সেমিনারীয়ান, বিভিন্ন সম্প্রদায়ের সিস্টারগণ উপস্থিত ছিলেন| বিকেল ৪:৪৫ মিনিটে কর্মশালার সমাপ্তি ঘটে|