ঈশ্বরের সেবক আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী’র স্মরণে বিশেষ অনুষ্ঠান ও খ্রিস্টযাগ

গত ২ সেপ্টেম্বর ঈশ্বরের সেবক আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী’র ৪৯তম মৃত্যুবার্ষিকীর স্মরণে সেন্ট মেরীস্ ক্যাথিড্রাল ধর্মপল্লীতে বিশেষ অনুষ্ঠান ও খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিস্টযাগের পূর্বে পাল পুরোহিত ফাদার ডেভিড গমেজ অনুষ্ঠানটি পরিচালনা করেন এবং ব্রাদার বিনয় সিটফেন রোজারিও সিএসসি আর্চবিশপের স্মৃতিচারণ করেন। এরপর যথারীতি খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়।

খ্রিস্টযাগ উৎসর্গ করেন আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই। খ্রিস্টযাগের শুরুতে আর্চবিশপ বেদীতে ধূপারতি করেন এবং জাতীয় যুব ক্রুশের নিচে প্রদীপ প্রজ্বলন করেন। এরপর আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী’র ছবিতে মাল্যদান ও প্রদীপ প্রজ্বলন করেন। অতঃপর তিনি খ্রিস্টযাগ শুরু করেন। খ্রিস্টযাগে উপদেশ সহভাগিতা করেন মন্সিনিয়র গাব্রিয়েল কোড়াইয়া। তিনি বলেন, আর্চবিশপ গাঙ্গুলী ছিলেন অসম্ভব নীতিবান, বুদ্ধিমান ও মেধাবী। কিন্তু তাঁর জীবনাচরণের মধ্য দিয়ে এগুলোর চেয়ে আরো বেশি প্রকাশিত হয়েছে তাঁর নম্রতা, ভদ্রতা, ন্যায়পরায়ণ জীবন, পালকীয় সেবার মনোভাব, ধৈর্যশীলতা ও অন্যের কষ্টের সাথে একাত্মতা। তাঁর প্রার্থনার প্রতি গভীর অনুরাগ, ঈশ্বরের প্রতি অগাধ ভালোবাসা, বিশ্বাস ও পবিত্র জীবন সকলের অন্তরকে গভীরভাবে স্পর্শ করেছে।

এছাড়া তিনি আরও বলেন, অনেকেই তাঁর কাজকর্ম দেখে তাঁকে জীবন্ত সাধু বলে আখ্যায়িত করেছিলেন। আমিও তাঁকে খুব কাছে থেকে দেখেছি এবং অভিজ্ঞতা করেছি। তাঁর অন্তর আধ্যাত্মিকতায় পূর্ণ, পবিত্র, নম্র, বিনয়ী, প্রার্থনাশীল এবং ঈশ্বর বিশ্বাসী একজন মানুষ।

খ্রিস্টযাগ শেষে সকলে ভক্তিপূর্ণ এবং ভাবগাম্ভীর্যের সাথে আর্চবিশপ থিওটোনিয়াস অমল গাঙ্গুলী’র সমাধিস্থলে যায় এবং বিশপ সুব্রত গমেজের প্রার্থনা পরিচালনায় সমাধিস্থল আশীর্বাদ করা হয় । এরপর আর্চবিশপের সমাধিস্থলে ঢাকা মহাধর্মপ্রদেশের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন আর্চবিশপ, বিশপ ও ফাদারগণ এবং ব্রতধারী ও ব্রতধারিণীগণ। অতঃপর বিভিন্ন প্রতিষ্ঠান, সংগঠন, সমিতির পক্ষ থেকে ফুলের মধ্য দিয়ে  শ্রদ্ধা জানানো হয়।

উল্লেখ্য যে, এ দিনে প্রায় ৫০ জনের বেশি যাজক, ব্রতধারী-ব্রতধারিণী এবং সহস্রাধিক  খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন।

নিজস্ব প্রতিবেদন

Leave a Reply