ময়মনসিংহ ধর্মপ্রদেশে অনুষ্ঠিত হলো সেমিনারীয়ানদের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠান

আফসোস স্নাল: গত ১০-১২ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, ময়মনসিংহ পালকীয় সেন্টারে আনন্দ সহকারে ময়মনসিংহ ধর্মপ্রদেশের ধর্মপ্রদেশীয় সেমিনারীয়ানদের বার্ষিক মিলনমেলা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে ৪টি গঠনগৃহ থেকে ৫০ জন সেমিনারীয়ান অংশগ্রহণ করেন। এ বছরের বার্ষিক মিলনমেলায় “শান্তি ও আনন্দের পথে আশার তীর্থযাত্রী” এই মূলভাব ও জুবিলী বর্ষকে কেন্দ্র করে বিভিন্ন আলোচনা ও সেমিনার অনুষ্ঠিত হয়। ১০ জুলাই ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহঃস্পতিবার সন্ধ্যায় ময়মনসিংহ ধর্মপ্রদেশের মন্সিনিয়র ফাদার শিমন হাচ্ছা ও ফাদার পিটার রেমা এবং অন্যান্য ফাদারদের উপস্থিতিতে বার্ষিক মিলনমেলার আনুষ্ঠানিক শুভ দ্বোধন ঘোষণা করা হয়। মূলভাবের উপর ফাদার কল্যাণ রেংচেং আলোকপাত করেন। তিনি শান্তি ও আনন্দের পথে চলার বিভিন্ন উপায়, শান্তি ও আনন্দ হৃদয়ঙ্গম করার যথাযথ পথ অবলম্বন করে কিভাবে আশার তীর্থযাত্রী হওয়া যায় সে বিষয়ে বক্তব্য রাখেন। ফাদার প্রবেশ রাংসা “যাজকীয় গঠন জীবনে নৈতিকতা ও সুশৃঙ্খল জীবন যাপনের গুরুত্ব” বিষয়কে কেন্দ্র করে জীবনকে শৃঙ্খলায় আবদ্ধ করে নৈতিক জীবনযাপনের গুরুত্ব তুলে ধরেন। এছাড়াও ৭টি দলে বিভক্ত হয়ে গঠনপ্রার্থীরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। মিলনমেলার খ্রিস্টযাগে পৌরোহিত্য করেন বিশপ পনেন পল কুবি সিএসসি। তিনি সহভাগিতায় মণ্ডলীর জন্য যাজকের গুরুত্ব নিয়ে উৎসাহমূলক বাণী রাখেন। অতঃপর, আহ্বান পরিচালক ফাদার সামুয়েল পাথাং আহ্বান বৃদ্ধি কামনা এবং সবাইকে ধন্যবাদ জানিয়ে বার্ষিক মিলনমেলার সমাপ্তি ঘোষণা করেন।