১৩ ডিসেম্বর শনিবার, বিশপীয় সামাজিক যোগাযোগ কমিশনের অধীনে খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্রের বাণীদীপ্তি নাট্যদল পরিবেশন করে নাটক ‘রং তুলির জীবন’। নাটকটির রচনা ও নির্দেশনায় ছিলেন বিন্দু রোজারিও। নাটক
মঞ্চস্থ হওয়ার আগে খ্রীষ্টীয় যোগাযোগ কেন্দ্রের পরিচালক ফাদার বুলবুল আগষ্টিন রিবেরু সকলকে স্বাগত জানিয়ে বলেন, “আজ আপনাদের জন্য আরেকটি বিষয় জানাতে চাই, আর সেটা হলো বিশপীয় সামাজিক যোগাযোগ কমিশনের সুবর্ণ জয়ন্তীর কথা। বিগত ৫০ বছর ধরে এই কমিশন সেবা দিয়ে যাচ্ছে। সুবর্ণ জয়ন্তীর মূলসুর হচ্ছে: সত্য প্রচারে সচেষ্ট সর্বদা।” তিনি এই কমিশনের সাথে যারা জড়িত ছিলেন এবং বর্তমানে যারা জড়িত রয়েছেন তাদের সকলের প্রতি শ্রদ্ধা ও শুভেচ্ছা জানান।
বিশপীয় সামাজিক যোগাযোগ কমিশনের সুবর্ণ জয়ন্তীর লগো উন্মোচন করেন ঢাকার আর্চবিশপ ও বাংলাদেশ কাথলিক বিশপ সম্মিলনীর সভাপতি আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই। তিনি এই সময় বলেন, ‘সামাজিক যোগাযোগ কমিশনের ৫০ বছরের এই যাত্রা গুরুত্ব বহন করে। যারা এখানে কমিশনের কাজগুলো করেছেন, সত্যকে বেগবান করেছেন, তাদের সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাই।’
আর্চবিশপ মহোদয় বাণীদীপ্তি নাট্যদলের প্রশংসা করে বলেন, ‘মঞ্চ নাটক বাস্তবতাকে সুন্দরভাবে ফুটিয়ে তুলে এবং গভীরভাবে শিক্ষা দেয়। যারা নাটক মঞ্চস্থ করার উদ্যোগ নিয়েছেন, তাদের এই উদ্যোগকে অনুপ্রাণিত করি। আশা করি এই নাটক প্রদর্শনের মধ্য দিয়ে আমাদের জীবনের সুন্দর মূল্যবোধ, ভালোবাসা, সেবা, ন্যায্যতা ও পারস্পরিক সম্পর্ক বৃদ্ধি পাবে- যেগুলো বর্তমান যুগে খুবই প্রয়োজন।
আরও বক্তব্য রাখেন কারিতাস এশিয়ার প্রেসিডেন্ট ও কারিতাস বাংলাদেশের সাবেক নির্বাহী পরিচালক ড. বেনেডিক্ট আলো ডি’রোজারিও। তিনি বলেন, ‘বিশপীয় সামাজিক কমিশনের
গঠনের নেপথ্যে ভক্তজনগণের বিশেষ ভূমিকা ছিল এবং সুবর্ণ জয়ন্তীর লগো উন্মোচনের দিনও ভক্তজনগণের উদ্যোগে বাণীদীপ্তির তত্ত্বাবধানে মঞ্চ নাটকের পরিবেশনা সামাজিক যোগাযোগ কমিশনে ভক্তজনগণের বিশেষ ভূমিকার কথা স্মরণ করিয়ে দিচ্ছে। আমি মনে করি নাটকের সংস্কৃতি আমাদের মধ্যে আরও জোরদার হবে, সংস্কৃতির মাধ্যমে আমরা আরও ভালো ও মানবিক মানুষ হওয়ার চেষ্টা চালাবো। মঞ্চ নাটকের অভিনেতাগণ তাদের মনোমুগ্ধকর অভিনয়ের মধ্য দিয়ে দুই ঘন্টার বেশি সময় ধরে দর্শকদের আকৃষ্ট করে রাখেন। সকলের অভিনয়ই ছিল চোখে পড়ার মতো।
নাটকে মদ পানের অপকারিতা, জমির দলিল সম্পর্কে অজ্ঞতার কারণে পরিণতি এবং অবৈধভাবে টাকার আয় করার মধ্য দিয়ে যে ভালো কিছু লাভ করা যায় না সেটাই মঞ্চে অভিনয়, লাইট ও শব্দের মধ্য দিয়ে বিন্দু রোজারিও ও তার অভিনেতাগণ সুচারুভাবে ফুটিয়ে তুলেছেন। দর্শকগণ আশা করছেন এই ধারা অব্যাহত থাকলে, প্রতি বছরই তারা নতুন নতুন নাটক উপভোগ করতে পারবেন।
সংবাদদাতা: সুমন কোড়াইয়া
