গত ১৬ অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ রোজ শুক্রবার, ভাটারা ঐশ করুণা গির্জায় ৯৩ জন ছেলেমেয়েকে প্রথমবারের মত পবিত্র খ্রিস্টপ্রসাদ সংস্কার প্রদান করা হয়। এই উপলক্ষে সকাল ৯:৩০ মিনিটে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। পবিত্র খ্রিস্টযাগে প্রধান পৌরহিত্য করেন মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও সিএসসি। এছাড়াও পাল পুরোহিত ফাদার রুবেন গমেজ, ফাদার রিপন ডি’ রোজারিও, ফাদার বিনয় গমেজ সিএসসি ও ফাদার শিশির কোড়াইয়া’সহ কয়েকজন সিস্টার এবং বিপুল সংখ্যক খ্রিস্টভক্ত উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। পবিত্র খ্রিস্টযাগে মহামান্য কার্ডিনাল মহোদয় সহভাগিতায় ছেলে-মেয়েদের উৎসাহমূলক বক্তব্য প্রদান করেন। প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণকারীদের উদ্দেশে তিনি বলেন, আজ তোমাদের জন্য বিশেষ একটি খ্রিস্টযাগ, একটি বিশেষ দিন। আমাদের জীবন সংস্কারীয় জীবন। দীক্ষাস্নানের মধ্য দিয়ে তোমরা খ্রিস্টান হয়েছ আর খ্রিস্টপ্রসাদ গ্রহণের মধ্য দিয়ে যিশু তোমাদের হৃদয়ে আসেন। যিশু তোমাদের যেহেতু ভালবাসেন, সেহেতু তোমাদেরও যিশুকে ভালবাসতে হবে। এছাড়া আমরা যেহেতু দুর্বল মানুষ, পাপ করে ফেলি তাই আমাদের নিয়মিত পাপস্বীকার করা উচিত। তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, আপনারা সন্তানদের শুধু বলবেন না ‘খ্রিস্টযাগে যাও, পাপস্বীকার কর।’ তাদেরকে মুখে না বলে আপনারাও সাথে নিয়ে আসবেন- পবিত্র খ্রিস্টযাগে অংশগ্রহণ করতে ও পাপস্বীকার করার জন্য। আপনাদের পিতা-মাতারাও একই কাজ করেছিলেন। পবিত্র খ্রিস্টযাগের শেষে পাল পুরোহিত ফাদার রুবেন গমেজ সবাইকে সক্রিয় অংশগ্রহণের জন্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এবং প্রথম খ্রিস্টপ্রসাদ গ্রহণকারী ছেলে মেয়েদের নিকট দিনটিকে স্মরণীয় করে রাখার জন্য তাদেরকে সার্টিফিকেট ও উপহার প্রদান করেন এবং পরিশেষে টিফিন প্রদানের মধ্য দিয়ে অর্ধদিবসব্যাপী কার্যক্রমের সমাপ্তি টানা হয়।
সংবাদদাতা:ফাদার শিশির কোড়াইয়া
