বিগত ১২ জুন থেকে ১৬ জুন পর্যন্ত ঢাকার মোহম্মদপুরে অবস্থিত সিবিসিবি সেন্টারে আটটি ধর্মপ্রদেশ থেকে ৪০জন অংশগ্রহণকারী নিয়ে “খ্রীষ্টিয় ঐক্য” তথা “আন্তঃমাণ্ডলিক ঐক্য” বিষয়ক জাতীয় প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
যিশুর বাণীকে প্রতিপাদ্য করে প্রশিক্ষণটির মূলসুর ছিল “আমি চাই তারা সবাই যেন এক হয়।” প্রশিক্ষণটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রথমেই শুভেচ্ছা বক্তব্য রখেন কমিশনের সেক্রেটারী ফাদার প্যাট্রিক গমেজ । প্রদীপ প্রজ্জ্বলন করেন কমিশনের সভাপতি আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি, মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ডি’ রোজারিও সিএসসি এবং কমিশনের সেক্রেটারীসহ প্রত্যেক ধর্মপ্রদেশের প্রতিনিধি। উদ্বোধনী বক্তব্যে সভাপতি আর্চবিশপ হাওলাদার সবাইকে শুভেচ্ছা-স্বাগতম জানান এবং অংশগ্রহণকারীগণকে প্রশিক্ষণটির লক্ষ্য-উদ্ধেশ্য জানিয়ে দেবার পর প্রশিক্ষণটির শুভ উদ্বোধন করেন।
পাঁচ দিনের এই প্র্রশিক্ষণ চলাকালে সুদক্ষ ও অভিজ্ঞ ব্যক্তিবর্গ যে-সকল বিষয়ের উপর উপস্থাপনা রাখেন সেগুলো হলো (১) মণ্ডলীগুলোর মধ্যে বিভেদ-বিচ্ছেদের ঐতিহাসিক পটভূমি এবং বাংলাদেশে আন্তঃমাণ্ডলিক পরিবেশ, আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ ওএমআই (২) খ্রীষ্টিয় ঐক্য বিষয়ে মৌলিক ধারণা এবং আন্তঃমাণ্ডলিক ঐক্যের উপর পোপ ফ্রান্সিসের উদ্যোগসমূহ, কার্ডিনাল প্যাট্রিক ডি’রোজারিও সিএসসি (৩) খ্রীষ্টিয় ঐক্য প্রচেষ্টার ঐতিহাসিক পটভূমি, মিঃ মানিক উইলভার ডি’কস্তা (৪) দ্বিতীয় ভাটিকান মহাসভার মৌলিক ধারণা এবং মহাসভার দলিল ‘ঐক্য প্রচেষ্টা ’, ফাদার প্যাট্রিক গমেজ (৫) দ্বিতীয় ভাটিকান মহাসভা-উত্তর খ্রিস্টীয় ঐক্য প্রচেষ্টা : পোপগণের অবদান, ফাদার প্যাট্রিক গমেজ; (৬) আন্তঃমাণ্ডলিক বা মিশ্র বিবাহ বিষয়ে কাথলিক মণ্ডলীর আইনী দিকনির্দেশনা, ফাদার লরেন্স মিন্টু পালমা; (৭) কাথলিক ও অন্যান্য মণ্ডলীর মধ্যে মৌলিক মিল ও পার্থক্য, ফাদার প্যাট্রিক শিমন গমেজ; (৮) এশিয় ও প্রাচ্য মণ্ডলী সম্পর্কে ধারণা ও উপাসনা, ফাদার প্রলয় আগষ্টিন ক্রুজ; (৯) বিভিন্ন মণ্ডলীর (প্রাচ্য-পাশ্চাত্য) উপাসনা, ফাদার ইউজিন আঞ্জুস, সিএসসি এবং (১০) আন্তঃমাণ্ডলিক ঐক্য : জীবন অভিজ্ঞতা সহভাগিতা
করেন ফাদার সাই, পিমে, মি: জেমস প্রেমানন্দ বিশ্বাস ও ফাদার অজিত ভিক্টর কস্তা, ওএমআই। অন্য মণ্ডলী পরিদর্শন প্রশ্ক্ষিণের আরো একটি কার্যক্রম। এ বছর সকল প্রশিক্ষণার্থী ও পরিচালক মণ্ডলী সবাই ঢাকার মিরপুরে অবস্থিত মেথডিস্ট চার্চ পরিদর্শন করেছে এবং উপাসনালয়ে তাঁদের পরিচালনায় একটি আন্তঃমাণ্ডলিক প্রার্থনায় অংশগ্রহণ করেছে। প্রশিক্ষণের শেষ দিনে ছিল সিনোডাল পদ্ধতিতে মূল্যায়ন। যার পরিচালনায় ছিলেন কমিশনের সভাপতি আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার, সিএসসি। এর পরেই অংশগ্রহণকারীদের মধ্য থেকে কয়েকজন প্রশিক্ষণের উপর তাদের অনুভূতি ব্যক্ত করেন। সব শেষে কমিশনের নির্বাহী সচিব ফাদার প্যাট্রিক গমেজ ধন্যবাদসূচক বক্তব্য রাখেন এবং সমাপনী বক্তব্যে প্রশিক্ষণটির বৈশিষ্ট্য, ধারাবাহিকতা উল্লেখ করে এবং মহামান্য কার্ডিনাল প্যাট্রিক ও পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয়সহ সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে সিবিসিবি সংলাপ কমিশনের সভাপতি পরম শ্রদ্ধেয় আর্চবিশপ লরেন্স সুব্রত হাওলাদার সিএসসি প্রশিক্ষণের সমাপ্তি ঘোষণা করেন। খ্রিস্টীয় ঐক্য বিষয়ক এই জাতীয় প্রশিক্ষণটির আায়োজন ও ব্যবস্থাপনায় ছিল সিবিসিবি খ্রীষ্টিয় ঐক্য ও আন্তঃধর্মীয় সংলাপ কমিশন।
সংবাদদাতা: ফাদার প্যাট্রিক গমেজ
