নাগরী ধর্মপল্লীতে শিশু ও এনিমেটরদের নিয়ে অনুষ্ঠিত হলো শিশুমঙ্গল দিবস ও তপস্যাকালীন সেমিনার

বিগত ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ রোজ বুধবার, ঢাকা মহাধর্মপ্রদেশীয় পবিত্র শিশুমঙ্গল কমিটি এবং স্বাগতিক ধর্মপল্লীর উদ্যোগে “এসো পবিত্রাত্মায় জীবন নবায়ন করি”- এই মূলসুরের আলোকে নাগরী ধর্মপল্লীতে শিশু ও এনিমেটরদের নিয়ে শিশু দিবস ও তপস্যাকালীন সেমিনারের আয়োজন করা হয়| উক্ত, সেমিনারে ৩০০ জন শিশু, ১৪ জন এনিমেটর ৩ জন সিস্টার এবং ৪ জন ফাদার উপস্থিত ছিলেন| সেমিনারের শুরুতেই স্বাগতিক ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার খোকন ভিনসেন্ট গমেজ সবাইকে শুভেচ্ছা জ্ঞাপন করেন| এরপর ফাদার খোকন, ফাদার তুষার ও ফাদার মিঠুর’র পরিচালনায় শিশুরা জীবন্ত ক্রুশের পথে অংশগ্রহণ করে| এরপর পবিত্র খ্রিস্টযাগ অর্পণ করেন ঢাকা মহাধর্মপ্রদেশীয় পবিত্র শিশুমঙ্গল কমিটির পরিচালক ফাদার মিল্টন ডেনিস কোড়াইয়া এবং সহযোগিতা করেন ফাদার তুষার কস্তা (পিএমএস সদস্য) এবং ফাদার মিঠুন|

খ্রিস্টযাগের পর সিস্টার মেরী তৃষিতা “এসো পবিত্রাত্মায় জীবন নবায়ন করি”- এই মূলসুরের উপর প্রাঞ্জল ভাষায় তার প্রাণবন্ত সহভাগিতা উপস্থাপন করেন| সিস্টার মেরী তৃষিতা এসএমআরএ (সেক্রেটারি) সহভাগিতায় শিশুদের উদ্দেশে বলেন, দরিদ্রদের ও সহপাঠিদের সাহায্য করে, মিথ্যা কথা না বলে, মা-বাবা ও গুরুজনদের বাধ্য হয়ে, সন্ধ্যাবেলা নিয়মিত মালা প্রার্থনা ও বাইবেল পাঠ করে এবং পড়াশোনায় আরো মনোযোগী হয়ে আমরা জীবনে নবায়ন আনতে পারি| শিশুদের মনোযোগিতা বৃদ্ধির উদ্দেশে সহভাগিতার ফাঁকে ফাঁকে সিস্টার প্রশ্ন করেন এবং সঠিক উত্তর দাতাদের পুরস্কৃত করেন|

ঢাকা মহাধর্মপ্রদেশীয় পবিত্র শিশুমঙ্গল কমিটির পক্ষ থেকে এনিমেটর ও শিশুদের মাঝে ধর্মীয় ছবি উপহার হিসেবে প্রদান করা হয়| ঢাকা মহাধর্মপ্রদেশীয় পবিত্র শিশু মঙ্গল কমিটির সেক্রেটারি সিস্টার মেরী তৃষিতা সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করেন| শিশু মঙ্গল সেমিনার সার্থক, সুন্দর ও ফলপ্রসূ করার জন্য ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার খোকন ভিনসেন্ট গমেজ, সহকারি পলপুরোহিত ফাদার তুষার ও ফাদার মিঠুন, সিস্টারগণ এবং এনিমেটরগণ সর্বাত্মক সাহায্য সহযোগিতা করেন| পরিশেষে, টিফিন গ্রহণের মধ্য দিয়ে সেমিনারের সমাপ্তি ঘটে|

সংবাদদাতা: সিস্টার মেরী তৃষিতা এসএমআরএ