সেন্ট জন ভিয়ানী হাসপাতালে যুক্ত হলো  ICU ও HDU সেবা কার্যক্রম

গত ১৬ মার্চ ২০২৬, সোমবার সেন্ট জন ভিয়ানী হাসপাতালে নতুনভাবে স্থাপিত ICU (Intensive Care Unit) ও HDU (High Dependency Unit)-এর শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানটি ছিল অত্যন্ত সুশৃঙ্খল ও মর্যাদাপূর্ণ, যেখানে দেশের স্বাস্থ্যসেবার উন্নয়নে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে এই উদ্যোগকে তুলে ধরা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে ভাটিকানের রাষ্ট্রদূত আর্চবিশপ কেভিন স্টুয়ার্ট র‌্যান্ডাল, Apostolic Nuncio in Bangladesh। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আর্চবিশপ বিজয় এন. ডি’ক্রুজ, ওএমআই, চেয়ারম্যান, সেন্ট জন ভিয়ানী হাসপাতাল এবং ঢাকার সহকারী বিশপ সুব্রত বনিফাস গোমেজ, সভাপতি, সেন্ট জন ভিয়ানী হাসপাতাল।

এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের গভর্নিং বডির সম্মানিত সদস্যবৃন্দ এবং পরিচালনা পরিষদের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। তাদের সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন হয়।

উদ্বোধনী বক্তব্যে অতিথিবৃন্দ আধুনিক চিকিৎসা ব্যবস্থায় ICU ও HDU ইউনিটের গুরুত্ব তুলে ধরেন এবং সেন্ট জন ভিয়ানী হাসপাতালের এই উদ্যোগকে সাধুবাদ জানান। তারা আশাবাদ ব্যক্ত করেন যে, এই নতুন ইউনিটসমূহ রোগীদের উন্নত ও মানসম্মত চিকিৎসা সেবা প্রদানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ নবনির্মিত ইউনিটসমূহ পরিদর্শন করেন এবং হাসপাতালের সার্বিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করেন। সংশ্লিষ্ট সকলেই মনে করে এই উদ্যোগের মাধ্যমে সেন্ট জন ভিয়ানী হাসপাতাল স্বাস্থ্যসেবার মান উন্নয়নে আরও একধাপ এগিয়ে গেল।

সংবাদদাতা: নিজস্ব প্রতিবেদক

 

Leave a Reply