ফ্রান্সে PWPN এর ১৮০তম জুবিলী ও তীর্থোৎসব এবং বাংলাদেশ PWPN দলের অংশগ্রহণ

 গত ২১-২২ জুলাই, বৃহস্পতিবার ও শুক্রবার, ২০২৫ খ্রিস্টাব্দে, Paray-Le-Monial, France; Secret Heart of Jesus Church এ যিশু হৃদয় প্রতিষ্ঠার ৩৫০ বছরের পূর্তি এবং তার সাথে সংযুক্ত PWPN এর ১৮০তম জুবিলী পালন ও তীর্থোৎসব করা হয়, কারণ PWPN (Pope’s World Wide Prayer Network) এর আধ্যাত্মিকতা হলো যিশু হৃদয়। সারা বিশ্বে ২০টি দেশের ৪৫ জন ফাদার, ২ জন ব্রাদার, ২জন ডিকন, ১২ জন সিস্টারসহ মোট ৩০০শত জন খ্রিস্টভক্ত উপস্থিত ছিলেন। বাংলাদেশ থেকে কান্ট্রি ডিরেক্টর ব্রাদার লরেন্স সুবল রোজারিও সিএসসি, ফাদার লাজারুস সরেন, ফাদার অনিল মারান্ডি, কাউন্ট রোজারিও, মিসেস ক্লারা মনি রোজারিও, সিস্টার মেরী বীনা খ্রিস্টিনা রোজারিও এসএমআরএ, সিস্টার এস্থার এলএইচসি সহ মোট ৭ জন অংশগ্রহণ করেন।
২১ জুলাই, সন্ধ্যা ৬টায় ইন্টারন্যাশনাল ডিরেক্টর ফাদার খ্রিষ্টবেল ফোন্স এসজে সারাবিশ্ব থেকে আগত প্রত্যেকটি দেশের অংশগ্রহণকারীদের পরিচয় দেন এবং শুভেচ্ছা জ্ঞাপন করেন। এরপর পবিত্র খ্রিস্টযাগের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভসূচনা হয়। খ্রিস্টযাগে সবাইকে যিশুর ভালোবাসার হৃদয়ে পরস্পরের সঙ্গে এক হয়ে থাকার জন্য সহানুভূতি, ভালোবাসা ও দয়া-মায়া এই ৩টি বিষয় অনুসরণ করার জন্য আহ্বান জানান। পরের দিন সকাল ৯টায় পবিত্র খ্রিস্টযাগের পরেই বিভিন্ন ভাষায় ডকুমেন্ট আকারে কয়েক জনের জীবন সাক্ষ্য দেখানো হয় এবং তার উপর ভিত্তি করে, ছোট দলে ব্যক্তিগত সহভাগিতা করা হয়। বিকালে বিভিন্ন গ্রুপে লিডারের পরিচালনায় ৯টি স্থানে “Way of the Heart” প্রার্থনা করা হয়। স্থানগুলোতে ছোট, বড় চ্যাপেল ও গির্জায় ভিন্ন ভিন্ন ৯টি মূলভাব নিয়ে বিভিন্ন জনের পরিচালনায় কিছু সময় অনুধ্যানমূলক প্রার্থনা করা হয়। এই প্রার্থনার মধ্যে বিশেষ লক্ষ্যণীয় স্থান হলো, সেন্ট মার্গারেট মেরীর চার্চ, যেখানে ৩৫০ বছর পূর্বে যিশুখ্রিস্ট ১৭বার সেন্ট মার্গারেট মেরীকে দর্শন দিয়ে যিশুর ভালোবাসার হৃদয় প্রদর্শন করেছিলেন। সর্বশেষ স্থান হল সাধু কলম্বীয়ার চার্চ সেখানে সব দল একত্রিত হওয়ার পর একসাথে পবিত্র জল সিঞ্চনে সবাইকে বিশেষ আশীর্বাদ প্রদান করা হয়। এরপর ভক্তিপূর্ণ আরাধনা হয়। রাতের আহারের পর ছিল নিজ নিজ দেশের নাচ ও গানের সমারোহে বিশেষ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যিশুর হৃদয়ের ৩৫০ বছরের আনন্দ উৎসবে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তি, শিশু ও যুবদলের জন্য বিভিন্ন প্রোগ্রাম সংযুক্ত থাকায় বিশাল কাথিড্রাল চার্চ প্রাঙ্গনটি ছিল আকর্ষণীয় ও জমজমাটপূর্ণ যা সবাইকে আরো বেশি আনন্দমুখর করেছে। সর্বোপরি ফ্রান্সের Paray Le Monial – Secret Heart of Jesus Church এ জুবিলী উৎসব ছিল খুবই ভক্তিমূলক এবং যিশুর হৃদয় ও পারস্পরিক ভালোবাসা আদান প্রদানের এক গভীর- অর্থপূর্ণ এক আধ্যাত্মিক তীর্থযাত্রা।

সংবাদাতা: সিস্টার এস্থার বেপারি এলএইচসি