ফাদার রিগ্যান পিউস কস্তা: যিশু নামজপ প্রার্থনা দলের আয়োজনে ১৮ জুলাই, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার গোল্লা ধর্মপল্লীতে যিশু নামজপ প্রার্থনাদলের মহাসম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত ছিলেন ফাদার স্ট্যানলী কস্তা, যিশু নামজপ প্রার্থনা দল, ফাদার গাব্রিয়েল কোড়াইয়া, ফাদার পিটার শ্যানেল গমেজ, ফাদার সনি মার্টিন রড্রিক্স, ফাদার তুষার জেভিয়ার কস্তা, ফাদার কল্লোল লরেন্স রোজারিও, ফাদার রিগ্যান পিউস কস্তা, ডোরা ডি’রোজারিও, সিস্টার মেরী সুধা এসএমআরএ সহ আঠারোগ্রাম অঞ্চল থেকে প্রায় ৩৫০ জন। সম্মেলনের মূলসুর হল “খ্রিস্টীয় জীবনের উৎস ও চরম প্রকাশ হল খ্রিস্টযাগ”। উদ্বোধনী প্রার্থনা ও প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে সম্মেলন শুরু হয়। ফাদার পিটার শ্যানেল গমেজ খ্রিস্টযাগ ও খ্রিস্টপ্রসাদীয় আধ্যাত্মিকতার উপর প্রথমে উপস্থাপনা করেন এবং খ্রিস্টপ্রসাদীয় আরাধনা ও শোভাযাত্রার উপর উপস্থাপন করেন ফাদার গাব্রিয়েল কোড়াইয়া। এরপর কয়েকজন যিশু নামের শক্তি ও আশ্চর্য ফলাফল নিয়ে জীবন সহভাগিতা করেন। রমনা সেমিনারীয়ান ও ফাদার সনি রড্রিক্স এর পরিচালনায় সাক্রামেন্তীয় আরাধনায় সকলে অংশগ্রহণ করে। দুপুরের আহার গ্রহণের পর যিশু নামজপ প্রার্থনা দলের সবাই প্রতিজ্ঞা গ্রহণ করেন। অতঃপর যিশু নামের শক্তি বিষয়ে সহভাগিতা করেন ডোরা ডি’রোজারিও এবং অনেকে সাক্ষ্য প্রদান করেন। এছাড়া সমগ্র মহাসম্মেলনটি পরিচালনা, সমন্বয়ে ও উপস্থাপনায় ছিলেন নুপুর গমেজ। পরিশেষে, ফাদার স্ট্যানলী কস্তা সকলের উদ্দেশে পবিত্র খ্রিস্টযাগ উৎসর্গ করেন।
