রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের গৌরবময় সুবর্ণ জয়ন্তী উৎসব

গত ২৮ ও ২৯ ডিসেম্বর দুইদিনব্যাপী গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায় অবস্থিত স্বনামধন্য ও ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয় প্রতিষ্ঠার গৌরবময় সুবর্ণ জয়ন্তী উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দেশ ও বিদেশ হতে আগত গণ্যমান্য ব্যক্তিবর্গ, অতিথি, প্রাক্তন ও বর্তমান শিক্ষক এবং শিক্ষার্থী ও শুভানুধ্যায়ীসহ প্রায় ১,০০০ অংশগ্রহণকারী যোগ দিয়েছেন।
বিদ্যালয়ে প্রাঙ্গণে ২৮ ডিসেম্বর বিকেল তিনটায় উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে সুবর্ণ জয়ন্তী উৎসবের শুভ সূচনা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে ছিলেন ঢাকা আর্চডায়োসিসের সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ এবং অন্যান্য গণমান্য ব্যক্তিবর্গের মধ্যে ছিলেন স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি ফাদার আলবিন গমেজ, প্রধান শিক্ষিকা সিস্টার মেরী স্কলাস্টিকা পালমা এসএমআরএ, প্রতিষ্ঠাতা সভাপতি লুইস অনিল কস্তা, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব এ. টি. এম. কামরুল ইসলাম এবং বিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষকমণ্ডলী। প্রথমে বিদ্যালয়ের স্কাউট দল ব্যান্ড বাজিয়ে অতিথিদেরকে মঞ্চস্থলে নিয়ে আসেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র ধর্মগ্রন্থ বাইবেল, কোরাআন এবং গীতা হতে পাঠ করা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়া হয় এবং এ সময়ে অতিথিবৃন্দ জাতীয় পতাকা উত্তোলন করেন। অতঃপর সুবর্ণ জয়ন্তী উপলক্ষে বিদ্যালয়ের সম্মুখভাগে স্থাপিত বিশেষ লগো উন্মোচন করা হয়। প্রধান শিক্ষিকা সিস্টার মেরী স্কলাস্টিকা পালমা তার শুভেচ্ছা বক্তব্যে বিগত পঞ্চাশ বছর ধরে রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়কে টিকিয়ে রাখতে এবং আজকের এই পর্যায়ে নিয়ে আসতে সহায়তা করেছেন তাদের সবাইকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “এই বিদ্যালয়টি এই এলাকার মানুষ স্থাপন করেছে এবং এ যাবতকাল পর্যন্ত চালিয়ে নিয়ে এসেছে। আর তাই এ সুবর্ণ জয়ন্তী একটি মাইলফলক এবং অত্যন্ত গর্বের বিষয়।”

স্কুলের প্রথম ম্যানেজিং কমিটির সভাপতি বর্তমান আমেরিকা প্রবাসী লুইস অনিল কস্তা তার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয়ের পঞ্চাশ বছরের ইতিহাস হলো সংগ্রামের ইতিহাস। আমাদের এই এলাকা ছিল অনুন্নত, অধিকাংশ মানুষ ছিল নিরক্ষর এবং নানাভাবে অবহেলিত। সেই জন্য আমরাই সাহস করে স্কুল প্রতিষ্ঠা করার উদ্যোগ নেই।” বিশপ সুব্রত বনিফাস গমেজ তার বক্তব্যে সুবর্ণ জয়ন্তীর মাইলফলক স্পর্শ করায় স্কুলের বর্তমান ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্য, বর্তমান এবং সাবেক শিক্ষকমণ্ডলী ও ছাত্র-ছাত্রীদেরকে শুভেচ্ছা জানান। এছাড়া স্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক, শিক্ষক এবং ছাত্র-ছাত্রীগণ স্মৃতিচারণ পর্বে অংশ নেন। সন্ধ্যায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে প্রথম দিনের অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

২৯ ডিসেম্বর সারাদিনব্যাপী অনুষ্ঠানের মধ্যে ধর্মীয় উপাসনা, বর্ণাঢ্য জুবিলী র‌্যালী, জুবিলী কেক কাটা, স্কুলের ইতিহাস ও অবদানভিত্তিক বিশেষ ডকুমেন্টারি প্রদর্শন, জুবিলী স্মরণিকার মোড়ক উন্মোচন, স্মৃতি চারণ, সম্মাননা প্রদান, সাংস্কৃতিক অনুষ্ঠান এবং লটারি ড্র। উল্লেখ্য, রাঙ্গামাটিয়া উচ্চ বিদ্যালয় ১৯৭৫ খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় এবং ১৯৮৫ এমপিও ভুক্ত হয়। ১৯৯৪ খ্রিস্টাব্দে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক অনুমোদন লাভ করে এবং ছাত্র-ছাত্রীরা প্রথমবারের মতো নিজ স্কুলের নামে এসএসসি পরীক্ষা অংশগ্রহণের সুযোগ লাভ করে।

সংবাদদাতা: রক রোনাল্ড রোজারিও