বিগত ২৭-৩০ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ “আশার তীর্থযাত্রী যুবারা, গড়ি ন্যায়-শান্তির ধরা” এই মূলসুরের আলোকে সেন্ট মেরীস্ ক্যাথিড্রাল, রমনা ধর্মপল্লীতে ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশনের আয়োজনে যুব দিবস উদযাপিত হয়। উক্ত যুব দিবসে ঢাকা মহাধর্মপ্রদেশের ৪টি অঞ্চলের বিভিন্ন ধর্মপল্লী থেকে মোট ৩৭৬ জন অংশগ্রহণকারী, এনিমেটর ও স্বেচ্ছাসেবক, ফাদার, সিস্টার এবং বিশেষ অতিথিসহ মোট ৪৮০ জন উপস্থিত ছিলেন। ২৭ সেপ্টেম্বর বিকাল ৪:৩০ মিনিটে রমনার সেমিনারীয়ানগণ বিভিন্ন কৃষ্টির নৃত্যের মধ্য দিয়ে উপস্থিত আর্চবিশপ, ফাদার, সিস্টার ও যুব দিবসে অংশগ্রহণকারী ভাই-বোনদের রমনা ধর্মপল্লীতে বরণ করে নেয়। এরপর জাতীয় সংগীতের মধ্য দিয়ে জাতীয় পতাকা ও যুব কমিশনের পতাকা উত্তোলন করা হয় এবং যুব দিবসের লোগো উন্মোচন করা হয়। আড়ম্বরপূর্ণ আনুষ্ঠানিক পরিবেশে প্রার্থনার মধ্য দিয়ে পরম শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই যুব দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করেন। ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশনের পক্ষ থেকে বরণ নৃত্য, পুষ্প বৃষ্টি ও ঐতিহ্যবাহী বাকরখানির মাধ্যমে সবাইকে শুভেচ্ছা জানানো হয়। উদ্বোধনী অনুষ্ঠানে পঞ্চপ্রদীপ প্রজ্বলন করেন শ্রদ্ধেয় আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই, রমনা ধর্মপল্লীর পালপুরোহিত ফাদার আলবাট রোজারিও, যুব সমন্বয়কারী ফাদার প্রলয় আগষ্টিন ডি’ক্রুজ এবং যুবাদের প্রতিনিধি হিসাবে দুই জন যুবক যুবতী। যুব ক্রুশ স্থাপন ও সান্ধ্যকালীন প্রার্থনার মধ্য দিয়ে ত্রি-দিবসের যাত্রা শুরু হয়। ২৮ সেপ্টেম্বর ২০২৫ খ্রিস্টাব্দে খ্রিস্টযাগ উৎসর্গ করেন ঢাকা মহাধর্মপ্রদেশীয় যুব কমিশনের যুব সমন্বয়কারী ফাদার প্রলয় আগষ্টিন ডি’ক্রুজ ও বাণী সহভাগিতা করেন ফাদার বিকাশ জেমস্ রিবেরু সিএসসি। ১ম অধিবেশনে ফাদার স্ট্যানলি কস্তা মূলসুরের উপর তার উপস্থাপনা রাখেন। যুব দিবসের একটি বিশেষ আকর্ষণ ছিল ‘বর্ণাঢ্য র্যালি’। এই র্যালিতে আর্চবিশপ, সম্মানিত অতিথিবৃন্দ ও অংশগ্রহণকারী সকলে আনন্দে মেতে উঠে। আরো একটি আকর্ষণীয় দিক হচ্ছে অঞ্চলভিত্তিক ঐতিহ্যবাহী প্রদর্শনী ‘হ্যরিটেস কর্ণার’। ২য় অধিবেশনে ‘মানসিক চাপ মোকাবিলা’ বিষয়ক মূলভাবের উপর সহভাগিতা করেন সিস্টার গ্লোরিয়া এমপডিএ। ৩য় অধিবেশনে ক্যারিয়ার নির্দেশনা ও পাবলিক রিলেশন এর উপর সহভাগিতা করেন টনি মাইকেল গমেজ। ইতালির পুণ্য বর্ষে জুবিলীর তীর্থ ভ্রমণের সহভাগিতা করেন যুব এনিমেটর বাপ্পি লরেন্স গমেজ ও অথৈ স্কলাস্টিকা ঘোষ। পরে বিশেষ চাহিদা সম্পন্ন হলিক্রস কলেজের একজন শিক্ষার্থী পুষ্প সরকার তার শিক্ষার জীবন সম্পর্কে সহভাগিতা করেন। এছাড়াও ছিল- পবিত্র ক্রুশের আরাধনা, পাপস্বীকার, ক্যাম্প ফায়ার, আলোর উৎসব, খেলাধুলা, সৃষ্টিশীল উপস্থাপনা ইত্যাদি। যুব দিবসের সমাপনী খ্রিস্টযাগ উৎসর্গ করেন আর্চবিশপ বিজয় এন ডি’ক্রুজ ওএমআই। তিনি তার সহভাগিতায় খ্রিস্টীয় আধ্যাত্মিক জীবন সম্পর্কে বাস্তব ও অর্থপূর্ণ সহভাগিতা করেন এবং তিনি ন্যায্যতা ও মূল্যবোধ সম্পর্কে মর্যাদা সম্পন্ন ব্যক্তি হতে প্রতিটি যুবাকে আহ্বান জানান। উক্ত উপদেশ বাণীতে তিনি প্রার্থনা, ভালোবাসা, সততা, কঠোর পরিশ্রম ও শৃঙ্খলাবোধ এই পাঁচটি মূল্যবোধের দিক তুলে ধরেন। তিনি আরো বলেন, আমার কাজই হলো আমার পরিচয়। আমরা যেন সবাই আশার মানুষ হয়ে উঠি এবং ঈশ্বরের উপর আস্থা রাখি। পরিশেষে সন্ধ্যায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে যুব দিবসের সমাপ্তি হয়।
সংবাদাতা: সিস্টার মেরী অন্তরা এসএমআরএ
