গত ১৬ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ, কাথলিক বিশপ সম্মিলনী বাংলাদেশ (সিবিসিবি) তে ঢাকা মহাধর্মপ্রদেশের সহকারী বিশপ সুব্রত বনিফাস গমেজ-এর পৌরহিত্যে নাগরী ধর্মপল্লীর অন্তগর্ত ব্রাদার লেনিন ইম্মানুয়েল কস্তা সিএসসি ও তুমিলিয়া ধর্মপল্লীর
অন্তর্গত ব্রাদার পার্থ উর্বান পালমা সিএসসি পবিত্র ক্রুশ ব্রাদার সমাজে আজীবন সন্ন্যাসব্রত গ্রহণ করেন। ১৫ জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দে, কাথলিক বিশপ সম্মিলনী বাংলাদেশ (সিবিসিবি’র) মিলনায়তনে বিকাল ৪টা থেকে ব্রাদার লেনিন ইম্মানুয়েল কস্তা সিএসসি ও ব্রাদার পার্থ উর্বান পালমা সিএসসি’র মঙ্গল কামনায় পবিত্র আরাধনা করা হয়। আরাধনার শুরুতে দুই ব্রাদার ও তাদের বাবা-মা’র এবং আরাধনা পরিচালনাকারী ফাদার তুষার জেমস গমেজকে নৃত্যসহযোগে বেদী মঞ্চে নিয়ে যাওয়া হয়। আরাধনা শেষে ব্রাদারদ্বয়ের মঙ্গল কামনায় মঙ্গলানুষ্ঠান ও আশীর্বাদ করানো হয়।
দ্বিতীয় দিন, ১৬ জানুয়ারি সকাল ৯ ঘটিকায় বিশেষ খ্রিস্টযাগ উৎসর্গ করা হয়। খ্রিস্টযাগ উৎসর্গ করেন বিশপ সুব্রত বনিফাস গমেজ। উপদেশ বাণীতে তিনি ব্রাদারদের ব্রতীয় জীবনের তাৎপর্য ও দায়িত্ব সম্পর্কে গভীর ও অর্থপূর্ণ সহভাগিতা করেন। তিনি বলেন, ব্রাদাররা শুধু খ্রিস্টানদের জন্যই কাজ করেননা বরং জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে সকল মানুষের সেবায় নিজেদের উৎসর্গ করে থাকেন। কাথলিক মণ্ডলী একটি সর্বজনীন মণ্ডলী- যেখানে সবার জন্য জায়গা রয়েছে। এই সর্বজনীনতার বাস্তব প্রকাশ ঘটে ব্রাদারদের সেবাকর্মের মধ্য দিয়ে।
খ্রিস্টযাগে যাজকগণ, সিস্টারগণ, ব্রাদারদ্বয়, সেমিনারীয়ান, প্রার্থী ভাই-বোনেরা ও ব্রাদারদ্বয়ের বাবা-মা’সহ পরিবারের নিকট আত্মীয়স্বজনেরা এবং স্থানীয় খ্রিস্টভক্ত’সহ প্রায় ২০০ জন অংশগ্রহণ
করেন। খ্রিস্টযাগ শেষে ব্রাদার সমাজের পক্ষ থেকে আজীবন সন্ন্যাসব্রত গ্রহণকারী ব্রাদারদের সংবর্ধনা দেওয়া হয়। সংবর্ধনায় বরণ নৃত্য, মানপত্র পাঠ ও প্রদান, আজীবন সন্ন্যাসব্রত গ্রহণকারী ব্রাদারদের অনুভূতি, পরিবারের পক্ষে ব্রাদারদ্বয়ের বাবা-মা’র অনুভূতি, উপহার প্রদান, সাধু যোসেফ-এর ব্রাদার সংঘের প্রদেশপাল ব্রাদার রিপন জেমস গমেজ সিএসসি’র সমাপনী ও ধন্যবাদমূলক বক্তৃতাসহ মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান করা হয়। সংবর্ধনা শেষে সকলের জন্য মধাহ্নভোজের আয়োজন করা হয়।
সংবাদদাতা: ব্রাদার শিমিয়ন রংখেং সিএসসি
